সাকিব ইস্যুতে শিক্ষা নিয়ে প্রতিদিন একটা করে ফেসবুক স্ট্যাটাস দিতে চান শান্ত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল সোমবার শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা হতে পারত সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট। কিন্তু নানা নাটকীয়তায় যুক্তরাষ্ট্র থেকে দেশের পথ ধরেও দুবাই থেকে ফেরত যেতে হয়েছে দেশসেরা অলরাউন্ডারকে। গতকাল সংবাদ সম্মেলনে এসে জাতীয় দলের সদ্য নিযুক্ত অন্তর্বর্তী কোচ ফিল সিমন্স জানিয়েছেন, আপাতত সাকিব ইস্যুতে মাথা না ঘামিয়ে ম্যাচে ফোকাস রাখতে চান তিনি।

কিন্তু কোচ না চাইলেও ঘুরেফিরে আসছে সাকিব প্রসঙ্গ। যেমনটা এল আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানালেন, সাকিবের ঘটনায় শিক্ষা নিয়ে প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিতে চান তিনি!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে ১৪টি টেস্ট খেলে ২ ড্রয়ের বিপরীতে ১২ টিতেই হেরেছে বাংলাদেশ। শুধু ভারতের বিপক্ষেই এর চেয়ে বাজে পারফরম্যান্স বাংলাদেশের। এবার ঘরের মাঠে ভালো কিছু করার প্রত্যয় জানিয়েছিলেন সিমন্স। আজ শান্ত জানালেন, সাকিব না থাকায় দলের কম্বিনেশন মেলাতে সমস্যা হবে।

বাংলাদেশি অধিনায়কের ভাষায়, ‘অবশ্যই, এখন সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে। এটা অস্বীকার করার কিছু নেই। হয়তো এই জায়গাটা ঠিক করতে আমাদের বেশ কিছুদিন সময় লাগবে। কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণে নেই। এটা আমাদেরকে ওভাবেই ম্যানেজ করতে হবে। যে খেলোয়াড় আছে, আমার মনে হয় ওই সক্ষমতাটা আছে যে যার জায়গা থেকে ভূমিকা রাখবে। আমি আশা করব যে খেলোয়াড় থাকবে, তার জায়গা থেকে একশ ভাগ দেবে।’

দেশের পথে রওনা দিয়েও মাঝপথে সাকিবের ফিরে যাওয়ার ব্যাপার কীভাবে দেখছেন- সে প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘কীভাবে দেখছি, আসলে দুর্ভাগ্যজনক। (ঘরের মাঠে বিদায়ী ম্যাচ) হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি আগাতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলাটাতে ফোকাস করুক।’

এরপরই ফেসবুক স্ট্যাটাস নিয়ে সেই মন্তব্য করেন শান্ত, ‘এখন যত কথা বলব, এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি কেন উনি আসতে পারছে না। এখন বর্তমান সময়ে যে অবস্থা, ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যায়, চিন্তা করতেছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।'