বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া টুর্নামেন্টের ‘সেরা ব্যাটসম্যান’কে নিয়ে হাজির উইন্ডিজ

দুই ম্যাচের টেস্ট সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আগে ৫০ ওভারের ক্রিকেট বাংলাদেশের মতো এটাই শেষ সিরিজ ক্যারিবিয়দের। গুরুত্বপূর্ণ এ সিরিজকে সামনে রেখে গতকাল সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইন্ডিজও দেরি করেনি। বাংলাদেশ সময় গতকাল রাতে শাই হোপের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ৮ ডিসেম্বর সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। একই ভেন্যুতে সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কের উইকেট পেস বান্ধব হওয়ায় বাংলাদেশ ঘোষিত ওয়ানডে দলে ৫ বিশেষজ্ঞ পেসার জায়গা পেয়েছেন। অনুমিতভাবে উইন্ডিজ দলেও পেসারদের আধিক্য। বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন চারজন - আলজারি জোসেফ, শামার জোসেফ, জেডেন সিলস ও ম্যাথু ফোর্ড।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে ক্যারিবিয়রা। ২-১ ব্যবধানে জেতা সে সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে উইন্ডিজ। স্পিনার হেইডেন ওয়ালশের বদলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। তবে উইকেটকিপার ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রুর বদলে যিনি জাতীয় দলে ডাক পেয়েছেন, সেটাকে বড় চমকই বলতে হয়। প্রথমবারের মতো উইন্ডিজ দলে ডাক পেয়েছেন ২৭ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান আমির জাঙ্গু।

বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুই ইনিংসে ১১৫* ও ২ রান করার পর বল হাতেও ২ উইকেট নিয়েছেন গ্রেভস। এছাড়া গত মাসে উইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’তে টনা তিন সেঞ্চুরি করেন ৩০ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান। এছাড়া দেশটির ঘরোয়া টুর্নামেন্ট সুপার ফিফটিতে ৫ ম্যাচে ১৩৩.৬৬ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০১ রান করে নির্বাচকদের নজর কাড়েন। এরপর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি। সে সাফল্যের পুরস্কার হিসেবে ১০ মাস পর ওয়ানডে দলে ফিরলেন গ্রেভস।

অন্যদিকে উইন্ডিজ দলের চমক জাঙ্গু এর আগে কখনোই উইন্ডিজের জার্সিতে খেলেননি। তবে সম্প্রতি শেষ হওয়া সুপার ফিফটি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২৭ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান। ৭ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৮৯.২০ গড়ে ৪৪৬ রান করেন তিনি।

গ্রেভস ও জাঙ্গুর অন্তর্ভুক্তি নিয়ে উইন্ডিজ কোচ ড্যারেন সামি বলেছেন, ‘গ্রেভস ব্যাটিং অর্ডারের প্রথম ছয়টি পজিশনের যেকোনো জায়গায় ব্যাট করতে পারে। ওর অন্তর্ভুক্তিতে দল সত্যিকারের একজন অলরাউন্ডার পেল। আর সুপার ফিফটিতে জাঙ্গুর দুর্দান্ত ব্যাটিং দেখিয়েছে, সে ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিংয়ে নতুন মাত্রা যোগ করতে পারে।’

 

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।