সাকিব আল হাসান থাকছেন না, সেটা নিশ্চিতই হয়ে গিয়েছিল গত কয়েকদিনে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশাপাশি মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় নেই। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।
এত খেলোয়াড়ের না থাকায় যা হওয়ার, তা-ই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে আনকোরা এক বাংলাদেশ দলকে দেখা যাচ্ছে। বিসিবি আজ ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে পাঁচ পেসারের পাশাপাশি আছেন মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার সৌম্য সরকার।
এই দলে বলার মতো খবর, এক বছর পর দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন। এরই মধ্যে বাংলাদেশের হয়ে ছয়টি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন এই প্রথম ডাক পেলেন কোনো ওয়ানডে সিরিজের চূড়ান্ত দলে।
দলে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব। আফগানিস্তান সিরিজে চোটের কারণে খেলতে না পারা লিটন দাস আছেন এই সিরিজের দলে, ওই সিরিজে বিশ্রামে থাকা পেসার হাসান মাহমুদও আছেন।
আর শান্ত না থাকায় অধিনায়ক কে হবেন, সেটা তো অনুমিতই ছিল। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ, তিনিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেরও অধিনায়ক।
সিরিজের তিনটি ওয়ানডে হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর, তিনটি ম্যাচই সেন্ট কিটসে।
বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।



