বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবাল আবার ফিরবেন কিনা এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কদিন পরই। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে প্রাথমিক দল পাঠানোর শেষ সময় ১২ জানুয়ারি, যদিও দলে পরিবর্তন আনার সুযোগ থাকবে আরও এক মাস। আইসিসির ডেডলাইন অনুযায়ী স্কোয়াড দেওয়ার আগে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের সঙ্গে আজ আলোচনায় বসেছিলেন বিসিবির নির্বাচক প্যানেল।
সিলেটে তামিমের সঙ্গে আলোচনা শেষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন তামিমের জন্য আরও অপেক্ষা করতে চায় বিসিবি। সেই সঙ্গে আরও জানিয়েছেন, বেশি তাড়াহুড়ো করলে সবকিছু গুবলেট পাকিয়ে যেতে পারে।
আজ তামিমের সঙ্গে আলোচনা শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে সম্মান জানাই। তার সিদ্ধান্তেরও সম্মান জানাই আমরা। সেজন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, আমার মনে হয় এটা ন্যায্য। আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, তাদেরও কোনো অসুবিধা নেই। এখানে তাড়া নেই। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু রান আউট হতে হয়!’
তামিমের সঙ্গে কী আলোচনা হয়েছে সেই ব্যাপারে সরাসরি উত্তর দিতে চান না লিপু, ‘আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’
তামিমের জাতীয় দলে ফেরার ব্যাপারে দু-একদিনের ভেতর সব পরিষ্কার হবে জানিয়ে লিপু বলেন, ‘নির্বাচকেরা বোর্ডের পক্ষ থেকে জানতে চেয়েছি প্রক্রিয়ার জন্য তিনি অ্যাভেইলেব আছেন কি না। উত্তর পুরোপুরি পাইনি। আশা করি এক দুই দিনের মধ্যে সবটা পরিষ্কার হব।’