এবার এক বছর আগের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ ক্রিকেটারের

সর্বশেষ বিপিএল জুড়ে আলোচনায় ছিল খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। একাধিক ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছিল। এমনকি একটি ফ্র্যাঞ্চাইজির বিদেশিরা তো পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কটও করেছিলেন।

এমন সব আলোচনা-সমালোচনার মধ্য দিয়েছেই বিপিএলের পর্দা নেমেছে। জাতীয় দলের ক্রিকেটাররা এখন চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত। এমন সময় নতুন করে উঠেছে পারিশ্রমিক না পাওয়ার প্রসঙ্গ।

বিপিএল নয়, অভিযোগ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একাধিক দলের বিরুদ্ধে। পারটেক্স স্পোর্টিং ক্লাব, কলাবাগান ও ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠেছে। পারটেক্স ক্লাব সেটা স্বীকার করেছে একাধিক সংবাদমাধ্যমের কাছে। তবে সে সঙ্গে এটাও দাবি করেছে, গত মৌসুমে জাতীয় দলের জার্সিতে ৫ টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার নাকি জোর করে তাদের ক্লাবে খেলতে গিয়েছিল। সে কারণেই বাকি অর্থ দিচ্ছে না তারা।

গতকাল রাতে তাই নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মুনিম। পোস্টে লিখেছেন, ‘আমি (২০২৩-২৪) মৌসুমে অনুষ্ঠিত “ঢাকা প্রিমিয়ার লিগ” ক্রিকেটে পারটেক্স স্পোর্টিং ক্লাবের  হয়ে খেলার প্রস্তাব পাই। প্রাথমিকভাবে পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাজ্জাদ সাহেব এবং তার ছেলে জারিফের সঙ্গে আমার কথা হয়। সিজন শেষ হওয়ার পূর্বেই আমার পারিশ্রমিক পরিশোধের বিষয়ে তারা প্রতিশ্রুতি দেন।’

এরপর প্রতিশ্রুতি অনুযায়ী টাকা না পাওয়ার অভিযোগ তুলে মুনিম লিখেছেন, ‘খেলা চলাকালীন সময়ে ক্লাব কর্তৃপক্ষ পারিশ্রমিকের ৫০% পরিশোধ করে। সিজন শেষ হওয়ার পূর্বেই তাদের শতভাগ পারিশ্রমিক পরিশোধের কথা ছিল। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে প্রায় এক বছর হতে চলল; অথচ ক্লাব কর্তৃপক্ষ আমার বাকি ৫০% পারিশ্রমিক পরিশোধ করেননি।’

অভিযোগের এখানেই শেষ নয়, মুনিম আরও জানিয়েছেন, ক্লাবের পক্ষ থেকে পারিশ্রমিক দেওয়ার কয়েকটি তারিখ দেওয়া হলেও কথা রাখেনি ক্লাব। এ প্রসঙ্গে এ ক্রিকেটারের ভাষ্য, ‘গত এক বছরে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সাজ্জাদ সাহেব আমাকে ১০ থেকে ১২ টি তারিখ দিয়েছেন অথচ টাকা পরিশোধ করেনি।’

মুনিম আরও অভিযোগ করেন, ক্লাবের মালিক সাজ্জাদ তাঁকে নিয়ে মিথ্যাচার করেছেন। পোস্টের শেষ অংশে সেসব ‘মিথ্যাচারের’ প্রেক্ষিতে নিজের জবাব দিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান।  স্ট্যাটাসে তিনি আরও যোগ করেছেন, এর আগে কলাবাগান ক্রীড়াচক্রও পারিশ্রমিক বাকি রেখেছে। এর বাইরে ব্রাদার্স ইউনিয়ন তিন বছর ধরে ক্রিকেটারদের বেতন বকেয়া রাখছে- একাধিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।