বাংলাদেশ ম্যাচের আগে পাকিস্তান দলের গোপন খবর ফাঁস

ফখর জামানের চোটের সুযোগে অনেক উড়ে এসে চ্যাম্পিয়নস ট্রফিতে জুড়ে বসেছেন ইমাম-উল-হক। ভারতের বিপক্ষে পাকিস্তান একাদশেও ছিলেন বাঁহাতি ওপেনার। তবে নতুন যে সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে, তাঁর দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে।   

এক সাক্ষাৎকারে পাকিস্তান দল নিয়ে বিব্রতকর সব কথা বলেছেন ইমাম। বলেছেন, দলে দলাদলি হয়, আর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ধর্মকর্মেই বেশি ব্যস্ত থাকেন।

ঘরের মাঠের টুর্নামেন্টে গ্রুপ পর্বেই বাদ পড়েছে পাকিস্তান। শুধু বাদ পড়েনি, গ্রুপের শেষ ম্যাচকেও বানিয়ে দিয়েছে অগুরুত্বপূর্ণ। এ অবস্থায় ইমামের সাক্ষাৎকারের চুম্বক অংশ ছড়িয়ে পড়ায় নানা আলোচনা শুরু হয়েছে।

সাক্ষাৎকারে ইমাম কোনো রাখঢাক রাখেননি। দলের নেতৃত্ব নিয়ে প্রশ্নে ইমাম বলেছেন, ‘দলের নেতা হিসেবে কার নাম বল্ব? সবাই তো সবার সঙ্গে মারামারিতে ব্যস্ত।’ পাকিস্তান দলের মধ্যে দলাদলি নিয়ে আলোচনা নতুন কিছু না।

এরপরই রিজওয়ানের ধার্মিক জীবন নিয়ে বিস্তারিত বলেছেন ইমাম। আগে থেকেই পাকিস্তান অধিনায়কের ধার্মিক জীবন আলোচনার জন্ম দিত। বিদেশ সফরেও রিজওয়ানকে ধর্ম প্রচার করতে দেখা গেছে। আর নিজ দলে কীভাবে সবকিছুর দেখভাল করেন, সেটার একটা উদাহরণ দিয়েছেন ইমাম।

বলেছেন, ‘এখন আমি রিজওয়ানের নামই বলব (নেতৃত্বে)। সে হোটেলে রুম ঠিক করে, সবাইকে নামাজের জন্য জড়ো করে, সাদা কাপড় বিছাই নামাজ পড়ার জন্য, অমুসলিমদের ঢুকতে বাধা দেয়। সে নামাজের সময়সূচির জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বানায়।’

ইমামের এমন মন্তব্যের পর অনেকেই সমালোচনা শুরু করেছেন। অনেকেই  বলছেন, এভাবে ধর্ম নিয়ে রিজওয়ানের এতটা আগ্রহ দলের পারফরম্যান্স থেকে মনোযোগ দূরে সরিয়ে দিচ্ছে কিনা। 

এমনিতেই পরপর দুটি ওয়ানডে বিশ্বকাপে গ্রুপপর্বেই আটকা পড়েছে পাকিস্তান। এবার ঘরের মাঠেও প্রথম দুই ম্যাচ হেরেই বিদায়। মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম ও শাহিন আফ্রিদিদের পারফরম্যান্স নিয়ে তুমুল সমালোচনা করছেন সাবেকরা। তাঁদের হাতে নতুন অস্ত্র তুলে দিলেন কি ইমাম?