‘এই মুহূর্তে সংখ্যাটা বলতে চাই না, একটা সংখ্যা আছে। সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। পর্যালোচনার মতোই বোঝায়। তবে অনুমোদন হয়ে গেছে। এখন যেটা দেখানো হবে, সেটাই চূড়ান্ত’ – গতকাল সংবাদমাধ্যমে বলেছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।
প্রসঙ্গ খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি। ‘অনুমোদন হয়ে গেছে’ বলেও ‘সংখ্যাটা বাড়তে বা কমতে পারে’ বলতে নাজমুল আবেদিন ফাহিম কী বুঝিয়েছেন, সেটা কিছুটা বোঝা যেতে পারে ক্রিকবাজের প্রতিবেদন দেখলে। তারা জানাচ্ছে, প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তি প্রকাশ হতে দেরি শুধু মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের কারণে।
ক্রিকবাজ তাদের হাতে পাওয়া প্রস্তাবিত যে চুক্তির কথা বলেছে, মুশফিককে ‘এ’ ও মাহমুদউল্লাহকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবু তাঁদের দুজনকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে কি না, এ নিয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি – এমনটাই জানাচ্ছে ক্রিকবাজ। ওদিকে কাল নাজমুল আবেদিন ফাহিমকে যখন মুশফিক-মাহমুদউল্লাহর কেন্দ্রীয় চুক্তিতে থাকা-না থাকা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি শুধু বলেছিলেন, ‘এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না।’ এর আগে জানা গিয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফির পর মুশফিক ও মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনায় বসবে বিসিবি, তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হবে।
সিনিয়র দুই ক্রিকেটারকে নিয়ে বিতর্কের বাইরে কেন্দ্রীয় চুক্তিতে এবার বড় পরিবর্তন, আগের মতো টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা চুক্তি না করে এবার বিশ্বব্যাপী প্রচলিত শ্রেণিতে চুক্তি করা হচ্ছে। ক্রিকবাজের প্রতিবেদনে উঠে আসা প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ২২ জন ক্রিকেটারের নাম আছে সে চুক্তিতে। আর সেখানে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে শুধু একজনই জায়গা পেয়েছেন – তাসকিন আহমেদ।
এর বাইরে এ ক্যাটাগরিতে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশাপাশি আছেন মেহেদি হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ, মোস্তাফিজ, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, মুমিনুল হক ও তাইজুল ইসলামকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।
সি ক্যাটাগরিতে আছেন ৮ জন, ডি ক্যাটাগরিতে ২ জন।
প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তি ২০২৫: কে কোন ক্যাটাগরিতে
এ প্লাস: তাসকিন আহমেদ
এ: নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম
বি: মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা
সি: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শেখ মেহেদি হাসান
ডি: নাসুম আহমেদ, খালেদ আহমেদ।