অধিনায়ক নিশ্চিত ক্রিকেটারদের কিছু হবে না, চাকরি গেলে কোচদের যাবে

পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নাকি ভারতের বিপক্ষে হেরে যাওয়ার পর দলের ক্রিকেটারদের বলেছেন, চিন্তার কিছু নেই, ক্রিকেটারদের কিছু হবে না; চাকরি গেলে কোচ ও নির্বাচকদেরই যাবে।

কিন্তু সে কথা বোর্ডের কাছে জানিয়ে দিয়েছেন এক ক্রিকেটার।

গত ২৩ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টিকে থাকার ম্যাচে খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি দলটি। কোহলির সেঞ্চুরিতে ৪৫ বল আগেই ৬ উইকেটের জয় পেয়েছে। ম্যাচের আগ থেকেই সমালোচনার বান বয়ে যাচ্ছিল, এমন হারে কী হবে সেটা নিয়ে চিন্তিত ছিলেন ক্রিকেটাররা। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ম্যাচের পর তাই সতীর্থদের আশস্ত করে রিজওয়ান বলেছেন, কিছু হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে। দলের এক ক্রিকেটার সেটা আবার বোর্ডকে জানিয়ে দিয়েছেন। এক নির্বাচক পিসিবির কর্মকর্তাদের সঙ্গে হওয়া সাম্প্রতিক এক বৈঠকে এ প্রসঙ্গ তুলেছেন।

একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘আলোচনায় উপস্থিতদের এক নির্বাচক বলেছেন, মাঠে যখন খেলোয়াড়রা জড়ো হলো (ম্যাচ শেষে গোল হওয়া), অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তাদের বলেছেন হতাশ না হতে। বলেছেন হারজিত খেলার অংশ এবং খেলোয়াড়দের কিছু হবে না। চাকরি হারালে কোচ আর নির্বাচকেরা হারাবে। এই মন্তব্য কর্মকর্তাদের পছন্দ হয়নি।’

এদিকে শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে দলের নির্দেশনা না শোনার অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। কোচদের নির্দেশ অমান্য করে নাকি দলকে বিপদে ফেলেছেন তিনি। 

এরই মধ্যে একটু ভিন্ন পথে হাঁটতে শুরু করেছে পিসিবি। আগে এমন ব্যর্থতার পর নির্বাচক ও কোচিং প্যানেলে বড় পরিবর্তন আনলেও এবার এখন পর্যন্ত কেউ ছাঁটাই হননি। বরং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন রিজওয়ান, বাবর আজম ও আফ্রিদি।