প্রথমে না করেছিলেন, নির্বাচন এগিয়ে আসতেই সুর পাল্টালেন 

বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনার শেষ নেই। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, একটা দ্রুতগতির টি-টোয়েন্টি ইনিংস খেলে চলে যেতে চান। তবে এখন বিসিবি সভাপতির সুর বদলে গেছে। আজ জানিয়েছেন বিসিবির নির্বাচনে অংশ নেবেন তিনি।

চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সিলেটে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার বিষয়টি।

সিলেট স্টেডিয়াম পরিদর্শনকালে কেন নির্বাচন এর বিষয়ে নিজের আগের সিদ্ধান্ত বদলেছেন- এমন প্রশ্নের জবাবে বর্তমান সভাপতি বলেন, ‘আমার (নির্বাচন করতে চাওয়ার) একটাই কারণ। যে কাজগুলো শুরু করেছিলাম, সেই কাজগুলো ভালোভাবে এগিয়ে চলছে এবং এই কাজগুলো অর্ধেক ফেলে না রেখে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। সেটাই একটা মূল কারণ এখানে কন্টিনিউ করতে চাওয়ার।’

শুরুতে ‘দ্রুত টি-টোয়েন্টি ইনিংসের’ কথা বলে এখন তাহলে ইনিংসটা কেন লম্বা করতে চাচ্ছেন এমন প্রশ্নের জবাবে হাতে নেওয়া কাজগুলোর ধারাবাহিকতার রক্ষার বিষয়টি সামনে এনেছেন বুলবুল। এই ব্যাপারে তিনি বলেন, ‘আমি বলেছিলাম একটা কুইক ইনিংসের কথা। কুইক ইনিংসটা তো এখনো শেষ হয়নি। কুইক ইনিংসটা শেষ হোক। কন্টিনিউ যদি করতে পারি, টি-টোয়েন্টি থেকে ফিফটি-ফিফটিতে যাব। আর তার চেয়েও বড় কথা, আমার কাছে মনে হয়, যে সম্ভাবনা আমাদের আছে, এটা পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয়—সেই কাজগুলো করার জন্য মনস্থির করেছি যে আমি কন্টিনিউ করতে চাই।’

আমিনুল ইসলাম বুলবুল মূলত ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবি পরিচালক। বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এনএসসির সঙ্গে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সাথে এখনো এনএসসির কোনো আলোচনা হয়নি। আমি শুধু ওইটা (নির্বাচনের আগ্রহ) প্রকাশ করেছি যে সম্ভব হলে আমি নির্বাচন করব। এখন আমি জানি না কোথা থেকে করব বা কী করব।’

'অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। আমরা একটা সঠিক নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।'-যোগ করেন বুলবুল।