পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন, এছাড়া শিশুসহ আরও অনেকে আহত হয়েছেন। গত শনিবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
বাজৌর জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে ডনকে জানিয়েছেন, জেলার খার তেহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এ বোমা হামলা হয়েছে। ইম্প্রোভাইজস এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনাকে টার্গেটেড অ্যাটাক বলে উল্লেখ করেন তিনি।
পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেছেন, ‘এটি পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে।’
ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সপ্তাহে বাজৌরে লোই মামুন্দ তেহসিলের লাগহারি এলাকায় একটি থানায়ও হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। সে ঘটনায় একজন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হন। এছাড়া পুলিশ প্রাঙ্গণে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
জেলা পুলিশের জনসংযোগ কর্মকর্তা ইসরার খান ডনকে জানিয়েছেন, ক্রিকেট গ্রাউন্ডে আহতদের দ্রুত খারের জেলা সদরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি জানান, সন্ত্রাসীরা আরও একটি থানায় হামলার চেষ্টা চালিয়েছিল। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
এ হামলার ঘটনায় এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে পুলিশ কর্মকর্তাদের ধারণা, আইন-শৃঙ্খলা বাহিনী সম্প্রতি সন্ত্রাসীদের বিরুদ্ধে যে ‘অপারেশন সারবাকাফ’ শুরু করেছে, সেটার প্রেক্ষিতেই এ হামলা চালানো হয়ে থাকতে পারে।