মিরপুরে গতকাল রিশাদ হোসেনের স্পিনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১১ ওভার বাকি থাকতেই ১৩৩ রানে অলআউট হয়ে ক্যারিবিয়ানরা ম্যাচ হেরেছে ৭৪ রানে। প্রথম ওয়ানডে জয়ের পর এবার সিরিজ নিশ্চিতের আগে দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের জন্য দলে স্পিনার নাসুম আহমেদকে যুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।
আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। স্পিন বান্ধব উইকেটে নাসুমের সংযোজনের ফলে বাংলাদেশের স্কোয়াড দাঁড়িয়েছে ১৭ জনে।
বাঁহাতি এই স্পিনার শেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে- নিউজিল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত ১৮ ওয়ানডেতে ৪.৪৮ ইকোনমি রেটে নাসুম নিয়েছেন ১৬ উইকেট।
মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। সিরিজের শেষ ওয়ানডে ২৩ ডিসেম্বর।
বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।