মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে কদিন আগে দারুণ পারফরম্যান্স করে দেশে ফিরেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে আইসিসি থেকে প্রাইজমানি হিসেবে প্রায় ৭ কোটি টাকা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু এমন পারফরম্যান্সের পর আজ বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ তুলেছেন সাবেক পেসার জাহানারা আলম।
বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়র ক্রিকেটারদের গায়ে হাত তোলার গুরুতর অভিযোগ তুলেছেন জাহানারা। এমন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক পেসার জাহানারার সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও মিথ্যা।
শুধু জ্যোতির বিরুদ্ধে অভিযোগ করেই থামেননি জাহানারা। জাতীয় দল থেকে বাদ পড়ার বিভিন্ন কারণ জানিয়ে অভিযোগ করেছেন নির্বাচক ও স্টাফদের নিয়েও।
বিসিবি জাহানারার সব অভিযোগকে প্রত্যাখ্যান করে বিবৃতিতে বলেছে, ‘বোর্ড দৃঢ়ভাবে ও স্পষ্টভাবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করছে। বাংলাদেশ নারী দল যখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় অগ্রগতি ও ঐক্য প্রদর্শন করছে, ঠিক সেই সময়ে এমন অপপ্রচার দুঃখজনক।’
বিসিবির ভাষ্য, এসব মন্তব্যের সময় ও ধরণ সম্পূর্ণ ইচ্ছাকৃত এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, যা দলের মনোবল ও ঐক্য নষ্ট করার অপচেষ্টা। বোর্ড বিবৃতিতে আরও বলেছে, ‘যে ব্যক্তি( জাহানারা) বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের কোনো কার্যক্রমে সম্পৃক্ত নন, তার পক্ষ থেকে এমন বিভ্রান্তিকর ও নেতিবাচক মন্তব্য অত্যন্ত হতাশাজনক।’
বিসিবি আরও জানিয়েছে, নারী দলের নেতৃত্ব, খেলোয়াড় ও ব্যবস্থাপনা সম্পর্কে বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে। অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিসিবি নারী দল ও সংশ্লিষ্ট সবার পাশে থাকার ঘোষণা দিয়েছে।