৫ দলের বিপিএলে বিদেশি খেলোয়াড় নিয়ে নিয়ম কী হবে, ব্যাখ্যা বিসিবি পরিচালকের

অনেক জল্পনা-কল্পনার পর গতকাল নির্ধারিত হয়েছে বিপিএলের অংশগ্রহণকারী দলের সংখ্যা। যাচাই-বাছাই শেষে বিসিবি জানিয়েছে, আসন্ন বিপিএল মাঠে গড়াচ্ছে ৫ দল নিয়ে। আগামী ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব ঠিক হলেও বিপিএলে দল কমার কারণে আলোচনায় উঠে এসেছে বিদেশি ক্রিকেটারদের খেলানোর নিয়ম। 

দল মাত্র ৫টি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়, দেশের ক্রিকেটারদের অনেকেই যোগ্যতা থাকার পরেও বিপিএলে খেলতে পারবেন না। সেক্ষেত্রে একাদশে ৪ বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম থাকবে কিনা এমন প্রশ্নও উঠেছে। 

গতকাল বিপিএলের দল চূড়ান্ত করার দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির তিন পরিচালক। ৫ দলের বিপিএলে তিন বিদেশির নিয়ম চালু হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বললেন, ‘অনেক কিছুই হতে পারে। যাতে আমাদের এবং খেলোয়াড়দের স্বার্থ রক্ষিত হয়। আমাদের চেষ্টা থাকবে যেভাবেই হোক না কেন... সাধারণত পাঁচটা দলে যতজন ঘরোয়া ক্রিকেটার থাকে সেই সংখ্যাটা কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না। তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থটা রক্ষিত হবে।’

দল কম থাকায় দেশের ক্রিকেটাররা খুব বেশি একটা সুযোগ পাবে না। এ বিষয়টিকে বিসিবি পরিচালক ফাহিম দুঃখজনক হিসেবেই দেখছেন, ‘আমি বলব ৭টা বা ৮টা দল না থাকার কারণে অনেকেই আছে যাদের যোগ্যতা থাকার পরও তারা হয়তো জায়গা পাবে না। এটা খুব দুঃখজনক হবে।’

বিদেশি ক্রিকেটার একাদশে খেলানোর নিয়মে পরিবর্তনের আভাস দিয়ে থাকলেও বিসিবি থেকে ফ্র্যাঞ্চাইজিরা স্বস্তির খবর পাচ্ছে অন্য দিক দিয়ে।পুরো আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিরা তাদের সামর্থ্য অনুযায়ী বিদেশি ক্রিকেটার নিয়ে আসতে পারবেন বলে জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের আরেক সদস্য ইফতেখার রহমান মিঠু। 

এই ব্যাপারে বিসিবির এই পরিচালক বলেন, ‘সবাই চায় টুর্নামেন্টটা যাতে জমজমাট হয়, আমরাও চাই জমজমাট হবে। এখন জিনিসটা হচ্ছে একই সময়ে তিনটা লিগ চলছে, কিন্তু এটা আপনাদের বুঝতে হবে। বিশেষ করে আইএল টি-টোয়েন্টিতে সব বিদেশি খেলোয়াড়। সুতরাং এটা (নির্দিষ্ট ম্যাচের জন্য ইচ্ছে মতো বিদেশি আনা) আমরা খোলা রাখছি। এবার আমরা বিদেশি রেজিস্ট্রেশন কোনো ক্যাপ (নির্দিষ্ট) করে দিইনি। দুটি ম্যাচ একজন গ্রেট খেলোয়াড় এসে খেললো, ওইটাই তো আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার পর আগামী ১৯ ডিসেম্বর বিপিএল শুরুর সম্ভাবনা রয়েছে। কদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিপিএলের সূচি প্রকাশ করবে বিসিবি।