ভারত থেকে ম্যাচ সরাতে বাংলাদেশের আহ্বান, আইসিসি কী ভাবছে?

ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপর আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ। এর পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে আহ্বান করেছে বিসিবি।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন জানাচ্ছে, বিসিবির এই আহ্বানে আইসিসি হয়তো ইতিবাচকভাবেই ভেবে দেখতে পারে।

আইসিসি এখনো অবশ্য কোনো আনুষ্ঠানিক বৈঠক করেনি এ ব্যাপারে। আজ রোববার সাপ্তাহিক বন্ধের কারণে আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা আরও কম। তবে প্রতিবেদনে তারা লিখেছে, ‘ক্রিকবাজ যে ধারণা পেয়েছে তা হলো, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসির আপত্তি নেই।’

স্বাভাবিকভাবেই বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া মানে সূচিতে পরিবর্তন আনতে হবে। সেটা আগামী কয়েক দিনের মধ্যে হয়ে যেতে পারে বলেও আভাস দিচ্ছে ক্রিকবাজ।

টুর্নামেন্টের প্রাথমিক সূচি অনুযায়ী, গ্রুপ সি-তে থাকা বাংলাদেশের সব ম্যাচ ভারতের মাটিতে। তিনটি কলকাতায়, একটি মুম্বাইয়ে। গ্রুপ সি-তে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।