সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে এবার মুখ খুললেন পাইলট

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের একজন ও সাবেক উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট। সাকিবের আরও সম্মান প্রাপ্য জানিয়ে খালেদ মাসুদ বলেছেন, তাঁর চাওয়া সাকিব যাতে জাতীয় দলে খেলেই অবসর নিতে পারেন।

সাকিবকে আবার লাল সবুজ জার্সিতে ফেরাতে চায় বিসিবি। সেই ঘোষণা আগেই দিয়েছে, তবে সময়ের সাথে কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিসিবির কথা, তাঁরা সাকিবকে দলে ফেরাতে চায়, তবে তার আগে সাকিবের বিরুদ্ধে হওয়া মামলায় একটা সমাধান আসতে হবে। এ ক্ষেত্রে বলটা সরকারের কোর্টে ঠেলে দিচ্ছে বিসিবি। ওদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ সম্মেলনেই বলেছেন, সাকিব ও মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেটে ফিরতে দেখতে চান তাঁরা।

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট আজ সংবাদমাধ্যমে সাকিবের বিরুদ্ধে মামলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘দেখেন, আমাদের দেশে প্রচুর ধরনের কেইস হয়, হয়তো দেখা গেল রঙ কেইস। কিন্তু আমি বলব যে, আমার ব্যক্তিগত মতামত যে, সাকিবের মতো এত বড় খেলোয়াড়, একজন রিকশাওয়ালা ভদ্রলোক…একজন মানুষ, তারও তো একটা জান… সব মানুষকেই আমাদের সম্মান করতে হবে…তো রিকশাওয়ালা ভদ্রলোককে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব সন্দিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে এটা ভালো জিনিস।’

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে মুখ খুলেছেন বিসিবি পরিচালক ও সাবেক উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট। ছবি: ফেসবুক

তবে পাইলটের মতে, রাজনীতিতে যোগ দিয়ে সাকিব ভুল করেছে। যদিও রাজনীতিকে একপাশে রেখে ক্রিকেটার হিসেবে সাকিবের আরও সম্মান প্রাপ্য বলেই মনে করেন পাইলট। ‘বাংলাদেশে, পৃথিবীতে অনেকে ভুল করে। তবে একজন খেলোয়াড় হিসেবে দেখা ভালো। এবং আমি সব সময় দোয়া করি যেন আল্লাহতা’লা যেন তাকে একদম সসম্মানে বাংলাদেশের জার্সি পরে যেন এখান থেকে বাংলাদেশের হয়ে রিটায়ারমেন্টটা নেয়। আমরা যেন সবাই তাকে সম্মান দিতে পারি…নাম্বার ওয়ান প্লেয়ার’ – বলেছেন পাইলট।

সাকিব-ইস্যুর বাইরে বগুড়া ও রাজশাহীর ভেন্যু নিয়েও কথা বলেছেন পাইলট। রাজশাহী ও বগুড়াতে চলছে বিসিএল। দারুণ উইকেটে খেলা ক্রিকেটারদের উন্নতিতে কাজে লাগবে বলেই মনে করেন পাইলট। এই দুই ভেন্যু নিয়ে তাঁর মত জানিয়েছেন এভাবে, ‘খুবই পজিটিভভাবে দেখি  ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেট প্লেয়ারদের জন্য। ট্রু উইকেট, এখানে সব টাইপের উইকেট আছে। আপনি যদি স্পিন ট্র্যাক বানাতে চান, খুবই স্পিন ট্র্যাকও বানাতে পারবেন। আবার যদি মনে করেন যে, না, আমি ট্রুলি একটা গ্রাসি উইকেটে বাউন্স এবং সাথে মুভমেন্টে খেলব, বগুড়া এবং রাজশাহীতে এই ধরনের উইকেট আছে।’  

এই দুই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বপ্নও দেখছেন পাইলট।