গুঞ্জন ছিল ফিরবেন না, ছুটি কাটিয়ে ঠিকই ফিরেছেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে মাসখানেক পর দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠা আর এনএসসির তদন্ত কমিটি গঠনের পর তাঁর দেশে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে বুলবুলের দেশে ফেরায় আলোচনা জমেছে ক্রীড়াঙ্গনে। সপ্তাহখানেকের মধ্যে বোর্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ।

গত কয়েক দিনের ঘটনাপ্রবাহের কারণেই বিসিবি সভাপতি বুলবুলের দেশে ফেরা পরিণত হয়েছে সংবাদে। তিনি দেশে না থাকার সময়েই বর্তমান বোর্ড টিকে থাকবে কি না এ নিয়ে সংশয় তৈরি হয়েছে। ক্লাব ও জেলা-বিভাগ আগেই বোর্ডের বিপক্ষে প্রমাণ জমা দিয়েছে জাতীয় ক্রীড়াপরিষদে। এই বোর্ড বৈধ কি না সেটা নিয়ে চলছে তদন্ত। তার মাঝেই পদত্যাগ করেছেন দুই পরিচালক। একজন জানিয়েছেন, বোর্ডের নির্বাচন স্বচ্ছ্ব ছিল না।

এর মধ্যেই মাসখানেক ঈদের ছুটি কাটিয়ে দেশে ফিরে ক্রিকেটারদের সাথে দেখা করেছেন, হাসিমুখে কথা বলেছেন বুলবুল। তবে সামনে কী অপেক্ষায় তাঁর, সেটা নির্ভর করছে ক্রীড়াপরিষদের সেই তদন্তের উপর। জানা যাচ্ছে, সাত কার্যদিবসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বোর্ড নিয়ে।  

নির্বাচন নিয়ে বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘(নির্বাচন) আরও স্বচ্ছ হতে পারত – এটা পদত্যাগ করার আগে বললে ভালো হতো – এক। আর হাত খুলে, মন খুলে কাজ করতে পারছেন না – এটা আসলে যার যার ব্যক্তিগত অনেক…আপনি যদি একটা প্রশ্নই করেন দুজন পরিচালককে, একই রকম উত্তর আসবে না। ৭৬ জনের মধ্যে ৪২টা ভোট কাস্ট হয়েছে, যেটা আমি হায়েস্ট ভোট পেয়েছিলাম। তার মানে এরই মধ্যে ৩৪টা ভোট নাই ওখানে। যেহেতু প্রতিপক্ষ নাই, ওখানে জালিয়াতির সুযোগ খুব কম থাকে… নাই।’

বোর্ডের কোনো কিছু যেন প্রভাব না ফেলে দলের উপর সেই চেষ্টা করা হচ্ছে।