বাংলাদেশ সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, ফিরেছেন কামিন্স-হ্যাজলউড

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই খেলেননি। 

আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে নামবে স্বাগতিকরা। দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

সর্বশেষ অ্যাশেজের ৫ টেস্টে চোটের কারণে এই তিন অভিজ্ঞ বোলারকে পাওয়া যায়নি। কামিন্স খানিকটা সুস্থ হয়ে অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ফিরেছিলেন। এদিকে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় লায়নকে। 

এবার সব শঙ্কা উড়িয়ে নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে ফিরছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলাররা। কামিন্স ও হ্যাজলউডের পেস বোলিং বিভাগে আরও আছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। 

টপ অর্ডারে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। অ্যাশেজে অভিষিক্তি জেক ওয়েদারাল্ডও আছেন স্কোয়াডে। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুই টেস্টের প্রথমটা হবে ডারউইনে আগামী ১৩ আগস্ট। দ্বিতীয়টি ম্যাকাইয়ে ২২ আগস্ট। বাংলাদেশ এখনো তাদের স্কোয়াড ঘোষণা করেনি।

অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: 

প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।