টি-টোয়েন্টিতে রেকর্ড বন্যার এক ম্যাচ দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটরে। এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়।
এক ম্যাচেই দেখা মিলেছে একাধিক বিশ্বরেকর্ডের। ৫১ ছক্কা ও ৫৩৭ রানের ম্যাচে ২৬৬ রান করেও জয়ের মুখ দেখেনি সাকিব আল হাসানের দল এমআই নিউইয়র্ক।
২৬৭ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে ওয়াশিংটন ফ্রিডম। এটি এখন পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এর আগে চলতি বছরের আইপিএলে পাঞ্জাব কিংসের ২৬৫ রান তাড়ার রেকর্ড ছিল শীর্ষে।
রান বন্যার ম্যাচে যত রেকর্ড:
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া(২৬৭) করে জয়ের রেকর্ড এটি। এমএলসির ইতিহাসে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের প্লে-অফ বা নকআউট ম্যাচে সর্বোচ্চ দলীয় স্কোরেরও নতুন রেকর্ড এটি।
টি-টোয়েন্টির এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড: ৫১ ছক্কা
আগে ব্যাট করতে নেমে এমআই নিউইয়র্কের হয়ে রানের বন্যা বইয়ে দেন নিকোলাস পুরান। ১৪ বলে ফিফটি, ৩১ বলে সেঞ্চুরি করেন নিকোলাস পুরান। ৩৩ বলে ১০৬ রান করেন ৫ চার ও ১৩ ছক্কায়। ১৭ বলে ফিফটি কাইরন পোলার্ড। দলের রান ২০ ওভারে ২৬৬। পুরো ইনিংসে এমআইয়ের ব্যাটসম্যানরা ২৯টি ছক্কা মারেন।
লক্ষ্য তাড়ায় নেমে ওয়াসিংটন ফ্রিডমও কম যায়নি। ব্যাটিং ঝড়ে দুই দল মিলে হাঁকায় মোট ৫১টি, যা টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ৪২টি ছক্কা।
টি-টোয়েন্টির ইতিহাসে একই ম্যাচে তিন সেঞ্চুরি:
ম্যাচে প্রথম সেঞ্চুরি করেন এমআই নিউইয়র্কের নিকোলাস পুরান। লক্ষ্য তাড়ায় নেমে ওয়াশিংটন ফ্রিডমের অ্যান্ড্রিস হাউস ও স্টিভেন স্মিথ সেঞ্চুরি করেন। টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম একই ম্যাচে তিন ব্যাটার শতকের দেখা পেলেন।
৪০ বলে সেঞ্চুরি করে হাউস, সতীর্থ স্মিথও ৪০ বলেই সেঞ্চুরির দেখা পান। ৫১ বলে ১০ চার ও ১২ ছক্কায় ১৩২ রান করেন হাউস, স্মিথ ৪৮ বলে ৭ চার ও ৯ ছক্কায় করেন ১১০ রান। ৮ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ওয়াসিংটন।
হাউস-স্মিথ ৮৯ বলে ২৪১ রানের জুটি গড়েন। যা তৃতীয় উইকেটে বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ছিল ২০১৯ সালে সিকিমের পিক্ষে মুম্বাইয়ের শ্রেয়াস আইয়ার ও সুরিয়াকুমার ইয়াদাভের ২১৩।
এছাড়া রান তাড়ায় হাউস ও স্মিথের সেঞ্চুরি টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র দ্বিতীয় ঘটনা, যেখানে সফল রান তাড়ার ম্যাচে দুই ব্যাটার সেঞ্চুরি করেছেন। অন্যদিকে, দুই দলের অধিনায়ক পুরান ও স্মিথের শতকও গড়েছে আরেকটি বিরল রেকর্ড—পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র চতুর্থবার একই ম্যাচে দুই অধিনায়ক সেঞ্চুরি করলেন।
এক ম্যাচেই সর্বোচ্চ রান তাড়া, সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সর্বোচ্চ ছক্কা এবং প্রথমবার তিন সেঞ্চুরির মতো একাধিক রেকর্ড গড়ে এমএলসির এই ম্যাচটি টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ল।
এদিকে এমআই নিউইয়র্কের হয়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তাঁর দল ম্যাচ হারলেও ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব। নিজের প্রথম দুই ওভারেই দুই উইকেট পান তিনি।
দলীয় ১০ রানে মিচেল ওয়েন ও রাচিন রবীন্দ্রকে হারালেও স্মিথ-হাউসের রেকর্ড জুটিতে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছ ওয়াসিংটন।



