২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সাউথ আফ্রিকায়। এর মধ্যে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামীকাল রোববার। বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রথম দিনের খেলা শুরু হলেও এর একদিন আগেই প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। সেই একাদশে সুযোগ পেয়েছেন জুবাইর হামজা।
এর মধ্য দিয়ে প্রায় আড়াই বছর পর জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে নামছেন হামজা। অবশ্য ৩১ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান যে একাদশে থাকবেন, সেটা অনুমিতই ছিল। একাদশ ঘোষণার আগে থেকে প্রোটিয়াদের তিন নম্বর পজিশনে কে খেলবেন, সেই আলোচনায় জোরেশোরেই নেওয়া হচ্ছিল হামজার নাম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে দলের প্রত্যাশা পূরণ করতে না পারায় বাদ পড়েন ডেভিড বেডিংহাম। তাঁর পরিবর্তে সুযোগ মেলে হামজার। হামজা ছাড়াও টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলে ব্যাটসম্যান হিসেবে আরও আছেন এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার। একাদশে সুযোগ পেয়েছেন টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা মার্কো ইয়ানসেনও।
অনুমিতভাবে পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। তাঁর সঙ্গে আছেন ড্যান পেটারসন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন সাইমন হারমার।
প্রথম টেস্টের সাউথ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও ড্যান পেটারসন।