অ্যাশেজে খেলতে মঈন আলীকে অবসর থেকে ফিরিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এবার একই কান্ড কি ঘটতে যাচ্ছে তার সঙ্গে? ইংল্যান্ডের দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদন তা-ই বলছে। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে স্টোকস ফিরতে পারেন, এমনই জানাচ্ছে দ্য টেলিগ্রাফ।
গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলা স্টোকস ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত বছরই। ইংল্যান্ড অবশ্য সব সময়ই ওয়ানডে বিশ্বকাপের আগে ৩২ বছর বয়সী অলরাউন্ডারের প্রত্যাবর্তনের আশায় ছিল। এখন সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার তাকে অনুরোধ করলেই স্টোকস অবসর থেকে ‘ইউটার্ন’ নিতে আগ্রহী বলে জানাচ্ছে দ্য টেলিগ্রাফ।
তবে শেষ পর্যন্ত স্টোকস অবসর ভেঙে বিশ্বকাপে খেললে সে ক্ষেত্রে আগামী বছরের আইপিএলে তার খেলা সংশয়ে পড়ে যেতে পারে। স্টোকসের হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন, অ্যাশেজের পরই সেটা করানোর কথা ছিল। টেলিগ্রাফ লিখেছে, বিশ্বকাপে খেললে সে ক্ষেত্রে অস্ত্রোপচার এখন না করিয়ে পরে করাবেন স্টোকস। তেমন হলে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিরতে ফিরতে আইপিএলে খেলা আর নাও হতে পারে স্টোকসের।
আইপিএলে ২০২২ সালের নিলামে স্টোকসকে ১৬ লাখ ডলারে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অবশ্য ২০২৩ আইপিএলে শিরোপা জেতার পথে চেন্নাই তাকে পেয়েছে মাত্র দুটি ম্যাচে।
তবে অবসর ভেঙে ফিরলেও চোটের কারণে স্টোকস কতটা বোলিং করতে পারবেন সে নিয়ে শঙ্কা আছে। টেলিগ্রাফ লিখেছে, ইংল্যান্ড তাকে শুধু ব্যাটিংয়ের জন্যই দলে নিতে প্রস্তুত। এবারের অ্যাশেজেও বিভিন্ন সময়ে শুধু স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন স্টোকস।
স্টোকসের ফেরা বিশ্বকাপের আগে ইংল্যান্ডকে নতুন করে অনুপ্রাণিত করবে নিশ্চিত। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বজয়ী করার পথে ফাইনালে যে নায়কীয় ইনিংস খেলেছিলেন স্টোকস। গত বছর ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পথেও পাকিস্তানের বিপক্ষে ফাইনালে অপরাজিত ৫২ রানের ইনিংস দেখেছে স্টোকসের ব্যাট।
বিশ্বকাপের দল ঘোষণার জন্য সব দলকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। তবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলে বদল আনা যাবে। সেপ্টেম্বরে ইংল্যান্ড চারটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে তিনটি ওয়ানডে।
এর আগে টেলিগ্রাফ জানিয়েছিল, ইংল্যান্ড তাদের পেসার জফরা আর্চারকেও বিশ্বকাপে পাওয়ার আশা দেখছে। এমনকি চোট থেকে ফেরার পথে থাকা আর্চার শুধু গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলার মতো ফিট হলেও তাকে বিশ্বকাপে নেয়ার চিন্তাভাবনা করছে ইংল্যান্ড।
প্রসঙ্গত, বিশ্বকাপের জন্য একটি দল ১৫ জন করে খেলোয়াড় নিতে পারবে, পাশাপাশি তিনজন খেলোয়াড় রাখতে পারবে রিজার্ভ হিসেবে।