পাকিস্তানকে ২০১ রানে গুটিয়ে দিয়ে ইনিংস বিরতিতে বেশ খুশিমনেই ড্রেসিংরুমে ফিরেছিল আফগানিস্তান। তখন কী আর তারা ভাবতে পেরেছিল যে সাপের লেজে পা দিয়ে ফেলেছে তারা! পাকিস্তানের পেসারদের বোলিংয়ে গতি আর সুইংয়ের বিষ যে এরপর টের পেতে হয়েছে তাদের।
হাম্বানটোটায় তিন ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে আজ শেষ পর্যন্ত আফগানিস্তান হেরে গেছে ১৪২ রানে! ৫৯ রানে অলআউট হয়ে গেছে আফগানরা, যা ওয়ানডেতে তাদের দ্বিতীয় সর্বনিম্ন। আর পাকিস্তানের হলো রেকর্ড, তাদের বিপক্ষে এর আগে ওয়ানডেতে কোনো দল ৫৯ রান বা এর কমে অলআউট হয়নি। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের, শারজায় ১৯৮৬ সালে কিউইদের পাকিস্তান অলআউট করেছিল ৬৪ রানে।
লড়াইটা আজ মূলত হয়েছে আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে পাকিস্তানের পেসারদের। আফগানিস্তানের মূল তিন স্পিনার – মুজিব উর রহমান, রশিদ খান ও মোহাম্মদ নবী মিলেই নিয়েছেন পাকিস্তানের ৭ উইকেট। রশিদ ও নবী দুটি করে, মুজিব ১০ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তখন মনে হচ্ছিল, এশিয়া কাপের প্রস্তুতিসূচক সিরিজটার প্রথম ম্যাচে আফগানিস্তান তাদের বোলিং শক্তি বুঝিয়ে দিয়েছে।
পাকিস্তানের বুঝি অহমে লাগল তাতে। তারা এরপর বুঝিয়ে দিয়েছে, পেস বোলিংয়ের ঝাঁঝ কাকে বলে! হারিস রউফ ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার পেয়েছেন পাঁচ উইকেট, তা-ও মাত্র ১৮ রান দিয়ে। শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সঙ্গে নাসিম শাহ’র ১ উইকেট মিলিয়ে আফগানিস্তানের ৯ উইকেটের ৮টিই নিয়েছেন পাকিস্তানের পেসাররা। শাহিন ও নাসিম প্রথম ৭ ওভারের বিধ্বংসী স্পেলেই উইকেট নিয়েছেন ৩টি, ডট দিয়েছেন ৩৬টি! এরপর ঝড় হয়ে আসে রউফের গতি।
আফগান ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমরজাই ১২ বলে ১৬ রান করে রিটায়ার্ড হার্ট হওয়ায় আফগানিস্তানের ৯ উইকেট পড়ার পরই খেলা শেষ। ওমরজাই-ই আফগানিস্তানের ইনিংসে দুই অঙ্ক পেরোনো দ্বিতীয় ব্যাটসম্যান। অন্যজন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, ৪৭ বলে তিনি করেছেন ১৮ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। দ্বিতীয় ওভারের শেষ বলে বাবর আজম ০ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে যখন ফেরেন, পাকিস্তানের রান মাত্র ৭। কিন্তু ওপেনার ইমাম উল হকের ৯৪ বলে ৬১ রান একপ্রান্ত আগলে রাখে। অন্য প্রান্তে আফগান স্পিনের সামনে নীল ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে ৩০ পেরিয়েছেন শুধু দুজন – ছয়ে নামা ইফতিখার (৪১ বলে ৩০) ও সাতে নামা শাদাব খান (৫০ বলে ৩৯)।