আরব আমিরাতে ৫ কোটি টাকার চুক্তি পেয়েও বিপিএলে আসবেন বাবর

২০২৩ সালেই আবির্ভাব ঘটেছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির। তবে প্রথমবার সেখানে খেলার সুযোগ হয়নি পাকিস্তানি ক্রিকেটারদের। দ্বিতীয় আসরে আর সে ভুল করতে রাজি নয় তারা। বড় বড় তারকাদের টেনে নেওয়ার চেষ্টায় আগেই চুক্তি করে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগটি।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ৫ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি মূল্যমানে প্রায় ৫ কোটি ৪৬ লাখ টাকা দিতে চাইছে একটি ফ্র্যাঞ্চাইজি। তবে বাবর আজম নাকি বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) খেলবেন।

নিউজএইটিন জানিয়েছে এ খবর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাবরকে ব্র্যান্ড অ্যাম্বাসডর বানাতে চেয়েছিল আই এল টি-টোয়েন্টি। সে সঙ্গে ৫ লাখ ইউএস ডলারের চুক্তিও প্রস্তাব করা হয়েছিল।

কিন্তু ছবি সত্ত্ব নিয়ে ঐক্যমতে পৌছাতে না পেরে বাবর নাকি ২০২৪ সালে জানুয়ারির ওই সময়টায় বিপিএলে খেলবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর একই সময়ে দুটি লিগ চলায় বিপিএলে খেলোয়াড় সংকট দেখা দিয়েছিল। পাকিস্তানের ক্রিকেটারদের ওপর ভরসা করেই চলতে হয়েছিল বিপিএলকে।

এবার সেই খেলোয়াড় কোটাও কমে আসতে যাচ্ছে। কারণ বাবর চুক্তি না করলেও শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, আজম খান-এমন অনেক ক্রিকেটারই আইএল টি-টোয়েন্টির দলে যোগ দিয়েছেন। শ্রীলঙ্কার অনেক ক্রিকেটারও সেখানেই যাচ্ছেন। শাহিন শাহ আফ্রিদিকে ছবিসত্ত্বের বাইরেই ৪ লাখ ডলার দেবে আইএলটি-টোয়েন্টি।