৫০ হাজার টাকায় ক্যাম্প ন্যু’র ঘাস বিক্রি করছে বার্সেলোনা

বলতে গেলে বার্সেলোনাকে একরকম ‘ভাড়াটিয়া’ই বলা যায় এখন।

ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যু’তে সংস্কারকাজ চলছে। যুগের সাথে তাল মিলিয়ে আরও বেশি আধুনিক করা হচ্ছে বার্সেলোনার ঘরের মাঠকে। তাই এই মৌসুমে ক্যাম্প ন্যু’তে খেলছে না তারা। বরং বার্সেলোনা শহরেরই আরেক স্টেডিয়াম এস্তাদিও অলিম্পিক লুই কোম্পানিসকে ঘরের মাঠ হিসেবে এই মৌসুমের জন্য ‘ভাড়া’ করেছে বার্সা। আগামী মৌসুমে ক্যাম্প ন্যু’র সংস্কারকাজ পুরোপুরি শেষ না হলেও ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে মাঠটা, তাই ২০২৪-২৫ মৌসুম থেকে আবারও ক্যাম্প ন্যু তে ‘হোম’ ম্যাচগুলো খেলা শুরু করবে বার্সা।

ততদিনে আগের ক্যাম্প ন্যু’র হয়তো আর কিছুই অবশিষ্ট থাকবে না। যে মাঠে মেসি, রোনালদিনিও, বুসকেতস, শাভি, ইনিয়েস্তা, পুয়োল, পিকে, রিভালদো, মারাদোনারা পায়ের জাদু দেখিয়েছেন, সে মাঠের অবকাঠামো বদলে হয়ে যাবে অন্যরকম। তাই আগের ক্যাম্প ন্যু’র স্মৃতি ধরে রাখতে ‘স্যুভেনির’ হিসেবে মাঠের ঘাস বিক্রি করা শুরু করেছে বার্সেলোনা!

এমনই খবর দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘রিলোভো’। আপাতত বার্সেলোনার জাদুঘরটা যেখানে আছে, তাঁর ঠিক পাশেই ঘাস বিক্রি করার এই দোকান খুলেছে বার্সেলোনা। যে ঘাসের ওপর খেলতে খেলতে বেড়ে উঠেছেন মেসিরা। বিভিন্ন দামে বিক্রি হচ্ছে ঘাস। ২০ থেকে শুরু করে ৪২০ ইউরো পর্যন্ত বিভিন্ন আকারের বাক্সে বিক্রি হচ্ছে ক্যাম্প ন্যু’র ঘাস। বাংলাদেশের হিসেবে যা প্রায় আড়াই হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত!

একেকটা বক্সের নাম আবার একেক রকম। দলটার সাবেক ফরোয়ার্ট মার্টিন ব্রাথওয়াইটের নামের সঙ্গে মিলিয়ে ‘ব্রাথওয়াইট বক্স’ যেমন আছে, আছে সাবেক ব্রাজিলীয় তারকা ফিলিপ কুতিনিওর নামের ‘কুতিনিও প্ল্যাটার’ও। তবে স্যুভেনির হিসেবে ঘাস বিক্রি করার সংস্কৃতি স্পেনে এটাই প্রথম নয়। এর আগে অ্যাথলেটিক বিলবাও ও আতলেতিকো মাদ্রিদের মত ক্লাবগুলোও একই কাজ করেছে। সান মামেস মাঠের প্রতি বাক্স ঘাস বিলবাও বিক্রি করেছে ৪০ ইউরো করে, আর আতলেতিকোর আগের মাঠ ভিসেন্তে কালদেরনের ঘাস বিক্রি হয়েছে ১০ থেকে ৯৫ ইউরোর মধ্যে।

তবে বার্সেলোনা আসলেই বক্সের মধ্যে ক্যাম্প ন্যু’র আসল ঘাস দিচ্ছে তো? এ নিয়ে সন্দেহ থেকে থাকলে সেটারও সমাধান করেছে ক্লাবটা। আনুষ্ঠানিকভাবে অনুমোদনপ্রাপ্ত নোটারির মাধ্যমে যাচাই করা হয়েছে ঘাসের মান। মিলেছে সত্যতা। আসল বার্সেলোনার মাঠের স্পর্শ পেতে চাইলে যেকোনো বার্সাভক্ত চাইলে এই স্যুভেনির কিনতেই পারেন!