ফিফার তিন মাসের নিষেধাজ্ঞা বেড়ে তিন বছর হলো

স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে তিন বছরের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফা।

গত ২০ আগস্ট প্রথমবারের মতো মেয়েদের ফুটবল বিশ্বকাপ জিতেছিল স্পেন। পুরস্কার বিতরণের মঞ্চে বার্সেলোনা তারকা ইয়ানি এরমোসোকে জড়িয়ে ধরে চুমু খান তৎকালীন ফেডারেশন প্রধান রুবিয়ালেস। আরও বেশ কয়েক খেলোয়াড়কে জড়িয়ে ধরেছিলেন তিনি।

এ ঘটনায় চলা তদন্তের সুবিধার্থে তাঁকে গত ২৬ আগস্ট ৯০ দিনের জন্য ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছিল ফিফা।

গত ২০ আগস্ট সিডনির ফাইনালে শুধু এরমোসোকে চুমু দেননি রুবিয়ালেস, নিজের গোপনাঙ্গ ধরে ইঙ্গিতপূর্ণ আচরণ দেখিয়েছিলেন প্রতিপক্ষের দিকে। আরেক স্প্যানিশ খেলোয়াড় দেল কাস্তিয়োকে কোলে তুলে নিয়েছিলেন।

এ ঘটনায় প্রথমে সমালোচনার মুখেও নতি স্বীকার করতে চাননি রুবিয়ালেস। কিন্তু দেশে ও বিদেশে নানা চাপের মুখে পড়ে গত ১০ সেপ্টেম্বর পদত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে ফৌজদারী মামলাও হয়েছে।

ফিফা এক বিবৃতিতে জনাইয়েছে, ‘রুবিয়ালেসকে ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত আজ জানিয়ে দেওয়া হয়েছে।’

এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য ১০ দিন সময় পাবেন রুবিয়ালেস।