মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা বেনজেমার

ইসরায়েল-গাজার সংঘাতে বিভক্ত ক্রীড়াঙ্গন। যার নজির দেখা যায় ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলার মাঠে এবং মাঠের বাইরে। ২০২৩ সালের অক্টোবরে ফরাসি ফুটবলার করিম বেনজেমা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিলেন। তারপরই ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বেনজেমার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততার অভিযোগ এনেছিলেন।

সেই ঘটনার পর এবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বেনজেমা। ৩৫ বছর বয়সী এই ফরাসি ফুটবলার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা দাবি করেছেন, মন্ত্রীর সেই মন্তব্য বেনজেমার সম্মানহানি করেছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী হিউজ ভিগিয়ের।

ইসরায়েলের গাজায় আগ্রাসনের প্রতিবাদ ও গাজার মানুষদের প্রতি সমর্থন জানিয়ে গত অক্টোবরে বেনজেমা এক্সে (সাবেক টুইটারে) লেখেন, 'অন্যায়ভাবে চালানো বোমাবর্ষণের শিকার হচ্ছে মানুষ, নারী ও শিশুরাও মুক্তি পাচ্ছে না।'

বেনজেমার এই টুইটের পরই তার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যোগসূত্রের অভিযোগ আনেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। অভিযোগের পেছনেও যুক্তি টানেন দারমানিন। সি নিউজ নামের একটি টিভি চ্যানেলে তিনি বলেন, 'আমরা হাইড্রার (গ্রিক পুরানে বর্ণিত নয় মাথার জলদৈত্য) বিরুদ্ধে লড়াই করছি, আর সেটা হলো মুসলিম ব্রাদারহুড। কারণ তারাই জিহাদের পরিবেশ তৈরি করেছে।'

এছাড়াও তিনি বলেন, বেনজেমাটা মন্তব্যটা করেছেন হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলের প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যুর ঘটনার সূত্র ধরে। বেনজেমার ওই মন্তব্যে নিহত ইসরাইলিদের প্রতি সহমর্মিতা প্রকাশ পায়নি। 

সে সময় সৌদি লিগ মাতানো এই তারকা আনিত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছিলেন আইনি ব্যবস্থা নেবেন তিনি। অবশেষে সেই পথেই হাঁটলেন বেনজেমা। ফরাসি গণমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত ৯২ পৃষ্ঠার অভিযোগপত্রে বেনজেমা বলেছেন, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তাঁর ন্যূনতম যোগাযোগও নেই, এমনকি এই গ্রুপটির (মুসলিম ব্রাদারহুড) সদস্য বলে নিজেকে দাবি করে, এমন কারও সঙ্গে তাঁর পরিচয়ও নেই।

এদিকে বেনজেমার আইনজীবি হিউজ ভিগিয়ের ফ্রান্সের গণমাধ্যম আরটিএল-কে বলেছেন, এই ফুটবলার রাজনীতির শিকার। তিনি আরো অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সে বিভাজনের চেষ্টা করছেন। বেনজেমার করা মামলার পর এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি দারমানিন।