লাল কার্ড দেখা শাভি বললেন, রেফারি সব শেষ করে দিয়েছে

সবদিকে এগিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে খেলতে নেমেছিল বার্সেলোনা। একে তো ঘরের মাঠ, তার ওপর আগের লেগে পিএসজির মাঠে ৩-২ গোলের জয়। ইতিহাসও কথা বলছিল কাতালান ক্লাবটির হয়ে। এর আগে টুর্নামেন্টের নক আউট পর্বের অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকে ১১ ম্যাচের প্রত্যেকবারই পরের রাউন্ডে উঠেছে বার্সা। অন্যদিকে প্রথম লেগে পিছিয়ে পড়া পিএসজি কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি দ্বিতীয় লেগে।

গতকাল প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সেলোনাই। ১২ মিনিটে রাফিনিয়ার করা গোলে দুই লেগ মিলে বার্সা তখন ২ গোলে এগিয়ে। ম্যাচের ২৮ মিনিট পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। ২৯ মিনিটে বারকোলাকে ফাউল কলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার আরাউহো। এতেই সর্বনাশ হয়ে যায় স্প্যানিশ ক্লাবটির। ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৬-৪) কোয়ার্টার থেকেই বিদায় নিশ্চিত হয় বার্সেলোনার।

অবশ্য ম্যাচের মাঝপথে মেজাজ হারিয়ে লালকার্ড দেখেছেন বার্সা কোচ শাভি এরনান্দেসও। তবে ম্যাচ হারার কারণ হিসেবে আরাউহোর লাল কার্ডকে দায়ী করেছেন শাভি। এ নিয়ে ম্যাচ শেষে রেফারি স্তেফান কোভাচের ওপর ক্ষোভও ছেড়েছেন। জানিয়েছেন, ওই লাল কার্ডের পরই সবকিছু বদলে গেছে।

ম্যাচ শেষে শাভি বলেছেন, ‘আমরা খুব হতাশ ও ক্ষুব্ধ। কারণ ওই লাল কার্ডটাই ম্যাচের ফল পাল্টে দিয়েছে। ১১ বনাম ১১ অবস্থায় আমরা এগিয়েছিলাম। আমার মতে, আরাউহোকে লাল কার্ড দেখানো বাড়াবাড়ি ছিল।’

স্তেফানের ওপর আঙুল তুলে বার্সা কোচ বলেছেন, ‘রেফারি সত্যিই বাজে ছিল। আমি তাঁকে বলেছি, সে বিপর্যয় ডেকে এনেছে। সে লড়াইটাকে শেষ করে দিয়েছে। আমি রেফারিকে নিয়ে কথা বলা পছন্দ করি না, কিন্তু এটা বলতেই হবে।’

কীভাবে ওই লালকার্ডটা ম্যাচের গতিপথ বদলে দিয়েছে, সেটার ব্যাখ্যাও দিয়েছেন স্পেনের সাবেক ফুটবলার, ‘এ ধরনের ম্যাচে এভাবে লাল কার্ড দেখানোটা বাড়াবাড়ি। ওই মুহূর্ত থেকেই এটা ভিন্ন একটা ম্যাচ হয়ে যায়। এটা খুব হতাশার যে, ওই এক লাল কার্ডে পুরো মৌসুম শেষ।’