গতকাল দিনটাই মাসিমিলিয়ানো আলেগ্রির জন্য ছিল চরম নাটকীয়। একদিকে রোমের স্তাদিও অলিম্পিকোতে আতালান্তাকে ১-০ গোলে হারিয়ে ইউভেন্তুসকে এনে দিয়েছেন কোপা ইতালিয়ার শিরোপা। কিন্তু ম্যাচ শেষে ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্তের সাংবাদিকের কান ছিঁড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন ইতালিয়ান এই কোচ।
এরপর আজ এল তাঁর চাকরি যাওয়ার খবর। কিছুক্ষণ আগে ইউভেন্তুস নিশ্চিত করেছে, আলেগ্রি আর ইউভেন্তুসের কোচ নন। তাঁর বদলে এই মৌসুমে ইতালির পিছিয়ে পড়া ক্লাব বোলোনিয়াকে চ্যাম্পিয়নস লিগে নিয়ে যাওয়া কোচ থিয়াগো মোত্তাকে ইউভেন্তুস আগামী মৌসুমে কোচ করে আনতে যাচ্ছে বলে গুঞ্জন ইতালিতে। আপাতত মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবের অনূর্ধ্ব-১৯ দলের কোচ পাওলো মন্তেরো অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছেন নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানো।
২০১১ সালে এসি মিলানকে লিগ জেতানো আলেগ্রি ইউভেন্তুসে প্রথম দফায় যোগ দিয়েছিলেন ২০১৪ সালে। সেবার অসাধারণ সাফল্য পেয়েছেন, পাঁচ মৌসুমের প্রতিটিতেই লিগ জিতিয়েছেন ইউভেন্তুসকে, দুবার নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। সেবার ২০১৯ সালে দায়িত্ব ছেড়েছেন ক্লাবের ইতিহাসে কোচদের মধ্যে সর্বোচ্চ ৭০.৪৮% জয় নিয়ে!
এরপর অবশ্য ইতালি জাতীয় দল, রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডসহ অনেক জায়গায় কোচ হতে পারেন বলে গুঞ্জন শোনা গেলেও আলেগ্রি বেকারই ছিলেন। ২০২১ সালে আবার ফেরেন ইউভেন্তুসেই। কিন্তু প্রথম দফায় যদি চাঁদের আলোয় ভেসে থাকেন, দ্বিতীয় দফায় হাতড়ে বেড়ালেন ঘুটঘুটে অন্ধকারে।
গতকাল যে কোপা ইতালিয়া জিতলেন, সেটিই দ্বিতীয় দফায় ইউভেন্তুসে আলেগ্রির একমাত্র শিরোপা। এর চেয়েও বেশি সমালোচনা কুড়িয়েছে তাঁর খেলানোর ধরন। অতিরক্ষণাত্মক কৌশলে তো খেলিয়েছেনই, পাওলো দিবালা-আনহেল দি মারিয়ার পর ফেদেরিকো কিয়েসার মতো প্রতিভাবানদেরও তাঁদের পছন্দের জায়গা থেকে বের করে অন্য জায়গায় খেলিয়েছেন আলেগ্রি, শেষ পর্যন্ত দিবালা ২০২২ সালে ইউভেন্তুস ছেড়েছেন, দি মারিয়া এক মৌসুমের বেশি থাকেননি। কিয়েসা এই মৌসুমে ধুঁকেছেন।
সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্কটাও ভালো ছিল না আলেগ্রির। যার সর্বশেষ কিস্তি দেখা গেল গতকাল। ইউভেন্তুস কোপা ইতালিয়ার শিরোপা জেতার পর তুত্তোস্পোর্তের পরিচালক ও সাংবাদিক গিদো ভাসিয়াগো অভিযোগ করলেন, ‘ম্যাচের পর আলেগ্রি আমাকে বলেছেন, “তুমি খুব বাজে একজন পরিচালক! তোমার পত্রিকায় সত্যিটা লেখো, ক্লাব যা বলে তা-ই লিখে দিও না। তোমাকে কোথায় গেলে পাওয়া যাবে আমি জানি। আমি এসে তোমার কানটা ছিঁড়ে নেব! ঘুষিতে নাক ফাটিয়ে দেব!”’
তবে এ তো পরের ব্যাপার, বলা যায়, গতকাল আলেগ্রির একের পর এক ছন্নছাড়া কর্মকান্ডের মধ্যে সম্ভবত সবচেয়ে কম আলোচিত। এর বাইরে গতকাল ম্যাচে রেফারিদের কানে 'মধুবর্ষণ' করে লাল কার্ড দেখেছেন আলেগ্রি। এরপর শিরোপা উৎসবের সময় ক্লাবের ক্রীড়া পরিচালককেও মঞ্চে উঠতে বাধা দিয়েছিলেন আলেগ্রি!
ইউভেন্তুস জানিয়েছে, কাল কোপা ইতালিয়ার ফাইনালের সময়ে ও ফাইনালের পর আলেগ্রির কিছু আচরণ ক্লাবের নীতিবিরোধী বলেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
আচরণ, খেলানোর ধরন, সাফল্যের অভাব - সব মিলিয়ে আলেগ্রির ওপর বিরক্ত হয়ে উঠেছিলেন ইউভেন্তুস সমর্থকেরা, ক্লাবের কর্তাব্যক্তিরাও। গত কয়েক মাসেই তাই এই মৌসুম শেষে আলেগ্রির বিদায় আর বোলোনিয়াতে পেপ গার্দিওলার ঢংয়ের ‘পজেশনাল ফুটবলে’ মুগ্ধতা ছড়ানো থিয়াগো মোত্তার মৌসুম শেষে ইউভেন্তুসে যাওয়ার গুঞ্জন চলছিল।
শেষ পর্যন্ত প্রথমটা সত্যি হলো, দ্বিতীয়টাও হয়ে যাওয়া হয়তো সময়ের ব্যাপার।