পরাশক্তিদের মধ্যে বাকি সব দলই মাঠে নেমে গেছে, বাকি শুধু পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তদের অবশ্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। বাংলাদেশ সময় আজ রাত ১টায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো শুরু করবে পর্তুগাল।
৩৯ বছর বয়সী রোনালদোর শেষ ইউরো যে এটি – মন খারাপ করা তথ্যটি সম্ভবত নির্দ্বিধায় নিশ্চিত করে দেওয়া যায়। বয়সের সঙ্গে সঙ্গে গতি আর ছন্দ কিছুটা হারিয়েছেন বটে – নামটা রোনালদো হলেও বয়স তো তাঁকেও আক্রান্ত করে!
সে কারণেই কিনা, আড়ালে-আবডালে প্রশ্নটা জেগে যায়, রোনালদো কি আজ একাদশে রেখেই দল সাজাবে পর্তুগাল?
কাতার বিশ্বকাপের শেষ ষোলো আর কোয়ার্টার ফাইনালের স্মৃতি মনে রাখলে প্রশ্নটা হয়তো আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। বিশ্বকাপের পর অবশ্য পর্তুগাল দলে অনেক বদল এসেছে। ডাগআউটে কোচ বদলেছে – বেলজিয়ামের সোনালি প্রজন্ম নিয়েও কিছুই করতে না পারলেও রবের্তো মার্তিনেসের ওপর এখন পর্তুগালের সোনালি প্রজন্ম সামলানোর ভার পড়েছে। মার্তিনেসও রোনালদোকে খেলানোর ক্ষেত্রে এখন পর্যন্ত অনেক বিচক্ষণতা দেখিয়েছেন।
তা আজ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে রোনালদোকে কীভাবে কাজে লাগাবেন মার্তিনেস? রোনালদো শুরু থেকেই খেলবেন? নাকি রোনালদোকে গ্রুপ পর্বে বাঁচিয়ে রেখে নকআউট পর্বে কাজে লাগানোর পরিকল্পনা তাঁর, সে হিসেবে গ্রুপ পর্বে বড় প্রয়োজন না হলে শেষ ৩০-৪০ মিনিটই খেলাবেন?
উত্তরটা তো আজ একাদশ ঘোষণার পরই মিলবে। তবে এখন পর্যন্ত যা খবর তাতে রোনালদো ভক্তদের মন খারাপ করার কোনো কারণ নেই। প্রায় সব গুঞ্জনেই রোনালদোকে আক্রমণে রেখেই পর্তুগালের একাদশের খবর আসছে।
৪-৩-৩ ছকে রোনালদোর দুই পাশে আক্রমণে বের্নার্দো সিলভা আর রাফায়েল লিয়াও, মাঝমাঠে দুই রক্ষণাত্মক মিডফিল্ডার জোয়াও পালিনিয়া ও জোয়াও নেভেসের সঙ্গে ব্রুনো ফের্নান্দেস, আর রক্ষণে কানসেলো, পেপে, দিয়াস ও নুনো মেন্দেসের পেছনে গোলপোস্টে দিয়োগো কস্তা – এমনটাই হতে পারে পর্তুগালের একাদশ।