তিন বেলা খাবার দিচ্ছে, তাই মেয়েদের দৈনিক ভাতা বন্ধ করে দিল পাকিস্তান

জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব ধরনের ভাতাই বাতিল করে দেওয়ার সিদ্ধান্তে অনেক ক্রিকেটারই হতাশ বলে জানা গেছে।

পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বোর্ড তাদের আবাসন ও তিন বেলা খাবার দিচ্ছে, এ কারণে খেলোয়াড়দের দৈনিক ভাতা দেওয়া হচ্ছে না। ’

এদিকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য মুলতানে অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়া নারী ক্রিকেটাররা মনে করেন এ সিদ্ধান্ত ন্যায্য নয়, কারণ তাঁরা দেশের নানা প্রান্ত থেকে জড়ো হয়েছেন ক্যাম্পে। এরই মধ্যে প্রতিপক্ষ পাকিস্তানে হাজির হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে সিরিজ। আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের শেষ প্রস্তুতি এই সিরিজ।

শোনা গেছে, খেলোয়াড়দের নাকি থাকার ব্যবস্থার পাশাপাশি দিনে দুই বেলা খাবার ও দৈনিক ভাতা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। একটি সূত্র জানিয়েছে এতদিন নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা দিত বোর্ড।

এমন সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হলো, যখন ছেলেদের চ্যাম্পিয়নস কাপ নামে একটি অনুশীলনমূলক টুর্নামেন্টের পাঁচ পরামর্শককে (মেন্টর) মাসে ৫০ লাখ রুপি দিচ্ছে বোর্ড। এর বাইরে আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির জন্য তিনটি ভেন্যু সংস্কারেও ১ হাজার ২৮০ কোটি রুপি ব্যয় করছে পিসিবি।

এক সাবেক ক্রিকেটার বলেছেন, ‘কয়েক লাখ রুপিতে বোর্ডের কী লাভ হবে কে জানে, কিন্তু এই ঘটনা মেয়েদের ক্রিকেটে অসন্তোষ জন্ম দেবে।’ বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, সিরিজ শুরু হলে তখন দৈনিক ভাতা দেওয়া হবে। এদিকে গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ১৯ জন ক্রিকেটারকে নেওয়া হলেও এই বছর এখনো সময় পেরিয়ে যাওয়ার এক মাস পরও চুক্তি ঘোষণা করেনি পিসিবি।