ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের ক্ষেত্রে সাধারণত রেকর্ডের খবর দেখেই অভ্যস্ত সবাই। নতুন কোন রেকর্ড হয়েছে রোনালদোর, সেটিই থাকে আলোচনায়। তবে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে কাল কাতারের আল-রাইয়ানের বিপক্ষে আল নাসরের ম্যাচে রোনালদোর গোলের পর ঘটেছে অদ্ভুত এক ঘটনা। রোনালদোর গোল উদ্যাপন করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন আল নাসরে রোনালদোর সতীর্থ সালেম আল-নাজদি!
চ্যাম্পিয়নস লিগে কাল নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছিল আল নাসর। এর আগে ইরানের আল শর্তার বিপক্ষে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রোনালদোকে পায়নি আল নাসর, সে ম্যাচে ড্র করেছিল তারা। কাল নিজেদের মাঠে আল-রাইয়ানের বিপক্ষে শুরু থেকেই খেলেছেন রোনালদো, আল নাসরের ২-১ গোলে জয়ের ম্যাচে পর্তুগিজ কিংবদন্তির গোলই শেষ পর্যন্ত হয়ে থেকেছে ব্যবধানসূচক।
গোলটার উদ্যাপনের ঢংয়েও আলোচনায় এসেছেন রোনালদো। গোল করে দুই হাত উঁচিয়ে আকাশের দিকে ইঙ্গিত করেন তিনি। পরে রোনালদো জানালেন, কাল দিনটা ছিল তাঁর প্রয়াত বাবার জন্মদিন, গোলটা তাঁকেই উৎসর্গ করেছেন।
এর আগে ম্যাচে রোনালদোর গোলের সময়ই ঘটে যায় ওই অদ্ভুত কাণ্ড। দিনটা কাল বুঝি আল নাসর লেফটব্যাক আল-নাজদির চূড়ান্ত পরীক্ষাই নিয়ে নিল! ম্যাচের ২১ মিনিটে হলুদ কার্ড দেখা আল নাজদি ৩৫ মিনিটে মাঠ ছাড়েন পায়ে চোট নিয়ে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে সাদিও মানের গোলে এগিয়ে যাওয়া আল নাসরের হয়ে ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ওই গোলের উদ্যাপনেই বেগড়বাই করে ফেললেন আল নাজদি।
ডাগআউটে বসেই ছিলেন আল নাজদি, গোলের উদ্যাপনে হঠাৎ লাফিয়ে ওঠেন। কিন্তু লাফাতে গেলে তো ওপরের দিকের খেয়ালটা রাখতে হয়, গোলের আনন্দে অতশত বুঝি আর খেয়াল ছিল না আল নাজদির! লাফিয়ে তো উঠলেন, কিন্তু এতে ডাগআউটের ছাদের অংশের সঙ্গে তাঁর মাথায় জোর ধাক্কা লাগল। ব্যস, অজ্ঞান হয়ে গেলেন আল নাজদি!
গোলের উদ্যাপন করবে কী, উল্টো ২১ বছর বয়সী লেফটব্যাককে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আল নাসর! খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। দলের মেডিক্যাল স্টাফ আল নাজদিকে ধরে ড্রেসিংরুমে নিয়ে যায়। তবে কয়েক মিনিট পরই জ্ঞান ফিরে আসে আল নাজদির, পরে ডাক্তারদের সিদ্ধান্তে আর হাসপাতালে নিতে হয়নি তাঁকে।
তবে ম্যাচের পর আল নাসর কোচ স্তেফানো পিওলি বলেছেন, ‘ও উচ্চ রক্তচাপে ভুগছিল, আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’
যা-ই হোক, রোনালদোর গোল উদ্যাপনে এরপর থেকে সতর্কই থাকবেন আল নাজদি।