জন্মভূমিকে বেছে নেওয়ায় বাবা পেয়েছিলেন মৃত্যুর হুমকি

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান আলবের্ত লুক দাবি করেছেন বিস্ময়বালক লামিন ইয়ামাল স্পেনকে বেছে নেওয়ায় তাঁর বাবা মুনির নাসরাউইকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল।

২০২৩ সালে মাত্র ১৬ বছর বয়সেই স্পেনের জাতীয় দলে অভিষেক ইয়ামালের। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গত ২০২৪ ইউরো জিতেছেন। সবচেয়ে কম বয়সে কোনো আন্তর্জাতিক ট্রফি জেতার রেকর্ডও গড়েছেন তিনি। কিন্তু এসব কোনো কিছুই হয়তো হতো না যদি স্পেনকে তিনি বেছে না নিতেন।

কাতালুনিয়ায় জন্ম হলেও ইয়ামালের শেকড় আফ্রিকায়। তাঁর বাবার জন্ম মরক্কোয়, আর মা শেইলা ইবানা ইকুইটোরিয়াল গিনির নাগরিক। ছয় বছর বয়সেই বার্সেলোনার নজরে পড়া ইয়ামালকে নিয়ে কৈশোরেই টানাটানি শুরু হয়েছিল দুই দেশের। লিওনেল মেসির ক্ষেত্রেও এমন টানাটানি হয়েছিল। মেসি স্পেন নয়, জন্মভূমিকেই বেছে নিয়েছিলেন।

ইয়ামালের জন্মস্থান স্পেন হলেও তাঁর বাবা চাইছিলেন তাঁর জন্মস্থান মরক্কোর হয়ে খেলুন। তিন বছর বয়সে বিচ্ছেদ হয়ে গেলেও ইয়ামাল কৈশোর কাটিয়েছেন বাবার সঙ্গে রোকাফোন্দা অঞ্চলে, যে অঞ্চলে মরক্কোর অভিবাসীদের প্রাধান্য।

সাবেক ফেডারেশন প্রধান আলবের্ত লুক জানিয়েছেন, ইয়ামালকে স্পেনে খেলানোর কাজটা সহজ ছিল না। কাসেনা এসইআরকে লুক বলেছেন, ‘এটা সহজ ছিল না। মরক্কোর কোচ লামিন ইয়ামালের পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেছে এবং মরক্কোর সরকারও ওকে রাজি করানোর চেষ্টা করছিল।’

তবে ইয়ামাল নিজের ইচ্ছাটা পরিষ্কার জানিয়েছেন, ‘যখন আমরা ওর সঙ্গে কথা বললাম, ও বলল, “আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হতে চাই, সবাই অনেক চাপ দিচ্ছে কিন্তু আমি স্পেনের হয়ে খেলতে চাই।”’

ইয়ামালের বাবাকে রাজি করাতেই বেশি কষ্ট হয়েছে, ‘ওর বাবার ব্যাপারটা কঠিন ছিল। আমাকে বলেছেন মরক্কো তাকে খুন করে ফেলবে। আমাকে এমন কিছু জিনিস বলেছে যা নিয়ে কথা না বলাই ভালো।’