বার্সেলোনার লোকজনদের বেকুব বললেন রেফারি

শুরুটা করেছিলেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্তের মিলানের বিপক্ষে হেরে যাওয়ার পর রেফারিং নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। মিডফিল্ডার পেদ্রি তো আরও এককাঠি সরেস। বলেছেন এই রেফারির বিরুদ্ধে উয়েফার তদন্ত করা উচিত। ইনিগো মার্তিনেস, রোনালদ আরাউহো- দুই ডিফেন্ডারও নিজেদের দায় না দেখে রেফারিকেই দুষছেন। 

রেফারির ঘাড়ে সব দোষ দেওয়ার এই দৌড়ে পিছিয়ে থাকতে চাননি বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। এদিকে যাঁকে নিয়ে এত সমালোচনা, সেই সাইমন মারচিনিয়াক এমন কথাবার্তার কড়া সমালোচনা করেছেন।

বার্সেলোনা টিভিতে লাপোর্তা ২০১৫ সালের পর আরেকটি ফাইনালে উঠতে না পারার দায় রেফারির ঘাড়েই ফেলেছেন, ‘আমরা ফাইনালে ওঠার জন্য লড়েছি, কিন্তু তা সম্ভব হয়নি। এর মূল কারণ রেফারির সিদ্ধান্ত যা আমাদের ক্ষতি করেছে। এটা আমাদের আরও শক্তিশালী করবে। লিগ জেতার জন্য মানসিকভাবে শক্তিশালী হতে এটা সাহায্য করবে।’

নিজেদের পক্ষে কয়েকটি ফাউল না দেওয়ায় এবং ইয়ামালের একটি পেনাল্টি না দেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ করছে বার্সেলোনা। যদিও ম্যাচে বার্সেলোনার পক্ষেই পেনাল্টি দিয়েছিলেন রেফারি যা ভিএআর বাতিল করেছে।

পোলিশ রেফারি মারচিনিয়াক এসব অভিযোগে ক্ষেপেছেন, মুন্দো দেপোর্তিভোকে বলেছেন, ‘ওদের মন্তব্যগুলো হাস্যকর। এসব বেকুবের মতো কথার কী জবাব দেব? আমি কারও ক্ষতি করিনি।’ 

উয়েফাকে তদন্তের আবেদন জানিয়েছেন পেদ্রি, এ ব্যাপারে তাঁর মন্তব্য জানতে চাইলে মারচিনিয়াক বলেছেন, ‘আমি সবকিছুর জন্য প্রস্তুত। ইন্তেরের তৃতীয় গোল নিশ্চিতভাবেই বৈধ।’