খালি হাতের রোনালদো দেখলেন কীভাবে সব বাগিয়ে নিচ্ছেন বেনজেমা

আল নাসর এখনো আশা ছাড়েনি। সৌদি প্রো লিগের ক্লাবটির আশা, ক্রিস্টিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমেই যতই ‘এই অধ্যায় শেষ’ বলুন না কেন, চুক্তি নবায়ন করবেন। আড়াই বছরে আল-নাসরের জার্সিতে গোলের পর গোল করেছেন রোনালদো, কিন্তু ট্রফির বেলায় একদম খালি হাত। তাই রোনালদো নাকি দল বদলানোর চিন্তা করছেন।

ওদিকে তাঁর ছয় মাস পর সৌদি আরবে যাওয়া সাবেক সতীর্থ করিম বেনজেমা এ মৌসুমে জিতে নিয়েছেন দুটি শিরোপা। শুধু তাই নয়, রোনালদোর চেয়ে কম গোল করলেও এ মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে সৌদি প্রো লিগ জেতা আল-ইত্তিহাদ গতকাল সৌদি আরবের অন্য ঘরোয়া ট্রফি কিংস কাপও জিতেছে। কিংস আবদুল্লাহ স্পোর্টস সিটিতে হওয়া ফাইনালে আল-কাদিশকে ৩-১ ব্যবধানে হারিয়েছে করিম বেনজেমার দল।

৩৪ মিনিটে দলকে এগিয়ে দেন বেনজেমা। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ডের স্বদেশি সতীর্থ হোসেম আওয়া। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমিয়ে আনেন সাবেক ডর্টমুন্ড ও বার্সেলোনা স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং।

কিন্তু দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফেরা হয়নি ৩১ বছর ধরে শিরোপাহীন দলটির। উলটো ৮১ মিনিটে লালকার্ড দেখেন এজেকিয়েল ফেরনান্দেস। ৯৪ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন বেনজেমা।

গত মৌসুম শিরোপাহীন আল-ইত্তিহাদ এই মৌসুমে জোড়া শিরোপা জিতল। আর এই ক্লাবের জার্সিতে দুই মৌসুমে ৬২ ম্যাচে ৩৮ গোল করেছেন বেনজেমা। প্রথম মৌসুমে কোচের সঙ্গে ঝামেলায় ভালো করতে না পারলেও এই মৌসুমে লরা ব্লাঁর অধীনে ৩৩ ম্যাচে ২৫ গোল করেছেন। এর মধ্যে লিগে ২৯ ম্যাচে করেছেন ২১ গোল।

লিগে তাঁর চেয়ে বেশি গোল করেছেন দুজন- রোনালদো ও ইংলিশ স্ট্রাইকার ইভান টনি। কিন্তু গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ৯ গোল করানোর সঙ্গে দলকে দুটি শিরোপা এনে দেওয়া বেনজেমাই হয়েছেন বছরে সেরা খেলোয়াড়।