২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার দারুণ সুযোগ ছিল ভারতের। প্রথম ম্যাচেই কুয়েতের মাঠে জয় পেয়েছিল ভারত। ঘরের মাঠেও কুয়েতকে আটকে দিয়েছিল ভারত। তবু গ্রুপের দ্বিতীয় হওয়া হয়নি তাদের।
ভারতের স্বপ্ন শেষ করে দেওয়ার কারিগর অ্যাশলি মাইকেল ওয়েস্টউড। এই কোচের অধীনে আফগানিস্তান ভারতের মাটিতে জয় পেয়েছিল। সেই ওয়েস্টউড আজ আবার দুঃস্বপ্ন হয়ে এলেন ভারতের জন্য। তাঁর হংকং আজ এশিয়ান কাপ বাছাইপর্বে ১-০ গোলের জয় পেয়েছে।
গ্রুপ ‘সি’র প্রথম ম্যাচ ডেতে চার দলের কেউই জয় পায়নি। ভারত-বাংলাদেশ ম্যাচের মতো সিঙ্গাপুর-হংকং ম্যাচটিও ছিল গোলশূন্য। প্রতিটি গ্রুপ থেকে মাত্র একটি দল যেতে পারবে এশিয়ান কাপে। আজ দ্বিতীয় ম্যাচ ডে-তে তাই জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।
কিন্তু প্রতিপক্ষের মাঠে উল্টো ৯৫ মিনিটের পেনাল্টি গোলে হেরে বসেছে ভারত। আশিক কুরুনিয়ান ও সুনিল ছেত্রী দারুণ দুটি সুযোগ নষ্ট করলেও ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে ভিশাল কাইথের ফাউল। ৯২ মিনিটে বক্সে আসা একটা বল ক্লিয়ার করতে গিয়ে হংকং এর মাইকেল উদেবুলুজরকে ধাক্কা মেরে বসেন।
পেনাল্টি থেকে কাইথকে কোনো সুযোগ দেননি স্টেফান পেরেইরা। নিজেদের সর্বশেষ ছয় ম্যাচের চারটিতেই গোল না করা ভারতের পক্ষে বাকি সময়ে আর গোল ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। গ্রুপের অন্য ম্যাচকে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে সিঙ্গাপুর।
২ ম্যাচ শেষে গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। তলানিতে ভারত। বাংলাদেশ আছে তিনে।