ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর দিন শেষ বলেই ধরে নেওয়া যায়। গত মৌসুমে কোচ রুবেন আমোরিমের স্কোয়াডে আর জায়গা হয়নি, জানুয়ারিতে ধারে যোগ দেয় অ্যাস্টন ভিলা। সেখানে তেমন আহামরি না খেললেও একেবারে খারাপও করেননি, চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে হারের পথে কোয়ার্টার ফাইনালে আলো ছড়িয়েছিলেন। ধার শেষে ইউনাইটেডে ফিরে গেলেও সেখানে তাঁর আর জায়গা নেই বলেই জানাচ্ছে ইংলিশ সংবাদমাধ্যম।
তাহলে মার্কাস রাশফোর্ড যাবেন কোথায়? সেটা এখনো নিশ্চিত নয়, তবে স্প্যানিশ ইউটিউবার হাভি রুইসের সঙ্গে আলাপে ২৭ বছর বয়সী ইংলিশ তারকা ফরোয়ার্ড তাঁর ইচ্ছার কথাটা জানিয়ে দিয়েছেন। লামিন ইয়ামালের সঙ্গে খেলার ইচ্ছা তাঁর, সে কারণে বার্সায় যাওয়ার ইচ্ছার কথা বলতে গেলে সরাসরিই জানিয়ে দিয়েছেন রাশফোর্ড।
১৭ বছর বয়সে ইয়ামাল যা করেছেন বার্সেলোনা আর স্পেনের জার্সিতে, সেটা এই মুহূর্তে ইউরোপে তাঁকে সেরাদের একজন বানিয়ে দিয়েছে। অনেকে তো তাঁকে এখনই বিশ্বের সেরাও দাবি করেন! এবারের বালন দ’রের দৌড়েও ইয়ামালকে সেরা তিনে – এমনকি সেরার আসনেও – দেখেন অনেকে।
তারুণ্যে রাশফোর্ডকে নিয়েও মাতামাতি তো ইয়ামালের মতোই ছিল। তাতে ইংলিশ মিডিয়ার অবদানও কম নয়, তবে রাশফোর্ডের পারফরম্যান্সও তাঁকে নিয়ে মাতামাতি করার মতোই ছিল! ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৮ বছর বয়সে ইউনাইটেডে শুরুতেই ডেনমার্কের মিতিউলান আর ইংলিশ লিগে আর্সেনালের বিপক্ষে দুই ম্যাচে চার গোলের পর রাশফোর্ডকে নিয়ে যে সাড়া পড়েছিল ইংল্যান্ডে, এই মৌসুম দুয়েকের আগেও তাতে ভাটা পড়েনি।
গত দুই মৌসুমে ইউনাইটেডে এরিক টেন হাগের পর আমোরিমের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে গুরুত্ব হারিয়েছেন, পারফরম্যান্সেও ভাটা পড়েছে। তবে রাশফোর্ডকে নিয়ে এখনো অনেকের ধারণা, প্রতিভাবান ফরোয়ার্ডের প্রতিভায় মরচে ধরলেও তা কাটিয়ে নেওয়া যাবে।
বার্সেলোনাও কি তেমনই ভাবছে? এই মৌসুমে একজন লেফট উইঙ্গারের খোঁজে নেমেছে বার্সা, সে পথে আথলেতিক বিলবাওয়ের স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামসের প্রতিই তাদের আগ্রহটা বেশি। এরপর লিভারপুলের লুইস দিয়াসের নাম শোনা যায়। তবে দাম কম আর নামের ‘ব্র্যান্ডভ্যালু’ বিবেচনায় রাশফোর্ডের প্রতিও বার্সার আগ্রহ কম নয়। ইংলিশ মিডিয়ায় খবর, রাশফোর্ডের জন্য ইউনাইটেড চাইছেই ৪ কোটি পাউন্ড, দরাদরিতে হয়তো আর কিছু কম দামেই তাঁকে পাওয়া যাবে। যেখানে নিকোর জন্য বার্সার খরচ হবে ৬ কোটি ইউরো, লুইস দিয়াসের জন্য হয়তো আরও বেশি।
এরই মধ্যে দিয়াসের জন্য একবার লিভারপুলকে ৪ কোটি ৫০ লাখ ইউরোর প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে বার্সা। এরপর নিকো উইলিয়ামসের সঙ্গে তারা ব্যক্তিগত চুক্তি করে ফেলেছে বলে খবর এলেও তাঁর জন্য ৬ কোটি ইউরো খরচ করার সামর্থ বার্সার আছে কি না, তা নিয়ে সংশয় আছে। এমন যখন পরিস্থিতি, রাশফোর্ড নিজ থেকে বার্সায় যাওয়ার আগ্রহের কথা জানিয়ে দিলেন।
ইয়ামালের সঙ্গে একসঙ্গে খেলতে চান কি না – স্প্যানিশ ইউটিউবার হাভি রুইসের এমন প্রশ্নে রাশফোর্ডের উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই! সেরাদের সঙ্গে তো সবাই-ই খেলতে চায়। আশা তো করি…দেখা যাক!’ এরপর আরেক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘স্পেন দারুণ জায়গা, বাড়ি (ইংল্যান্ড) থেকেও খুব বেশি দূরে নয়।’
ইয়ামালকে আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন রাশফোর্ড, ‘ও যা করছে, সেটার প্রশংসায় শব্দ কম পড়ে যায়। এই ১৬-১৭ বছর বয়সে এতটা করবে কেউ, তা কে ভেবেছিল! আমার তো মনে হয় না এমন কিছু আমরা আগে দেখেছি।’