আল নাসরে রোনালদো

দুই মাসে ঘুরে গেল পরিস্থিতি, সৌদি আরব পেল সুখবর

‘একটা অধ্যায়ের শেষ’ – মাস দুয়েক আগে লিগে আল নাসরের শেষ ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরে তখন তাঁর চুক্তি শেষের পথে, দুই বছরে এখনো সৌদি আরবের ক্লাবটাতে বড় কোনো শিরোপা জিততে পারেননি। সব মিলিয়ে ধরে নেওয়া যাচ্ছিল, হয়তো আল নাসর ছেড়ে চলে যাচ্ছেন রোনালদো। তাঁর শৈশবের ক্লাব স্পোর্তিং ক্লুব দো পর্তুগালে ফেরার গুঞ্জনও চাউর হয়েছিল।

কিন্তু মাস দুয়েকের মধ্যে পরিস্থিতি পুরো ১৮০ ডিগ্রি বদলে গেল! গত কয়েকদিনে আবার জোর গুঞ্জন চালু হয়েছিল, রোনালদো আল নাসরেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন। গুঞ্জনটা আনুষ্ঠানিকতা পেয়ে গেল আজ। আল নাসর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড। নেইমার চলে যাওয়ার পর রোনালদোকে অন্তত ধরে রাখতে পারা - সৌদি আরবের জন্যই বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে একে।

শুধু চুক্তি নবায়নই নয়, গুঞ্জন সত্যি হলে রোনালদো আগের চেয়েও আরও বেশি দাপট নিয়ে আল নাসরে থাকছেন। স্প্যানিশ সাংবাদিক সান্তি অউনা গতকালই এক্স-এ লিখেছেন, চুক্তি নবায়নের শর্ত অনুযায়ী, এই মৌসুমে আল নাসর কোন খেলোয়াড়কে দলে টানবে বা কাকে বিক্রি করবে, এ ব্যাপারে সিদ্ধান্ত হবে রোনালদোর অনুমোদন নিয়েই। রোনালদোর চুক্তি নবায়নের আগের দিন, অর্থাৎ গতকালই আল নাসর গত মৌসুমে তাদের কোচিং করানো ইতালিয়ান স্তেফানো পিওলিকে বিদায় দিয়েছে।  

দল শিরোপা না জিতলেও আল নাসরে রোনালদোর গোলের বন্যা চলছেই। ২০২৩ সালের জানুয়ারিতে যোগ দেওয়ার পর থেকে আল নাসরের হয়ে এ পর্যন্ত ১১১ ম্যাচে পর্তুগিজ ফরোয়ার্ড গোল করেছেন ৯৯টি, অ্যাসিস্ট ১৯টি।

রোনালদোর আল নাসরে চুক্তি নবায়নের পেছনে তাঁর ১০০০ ক্যারিয়ার গোলের স্বপ্নকেও একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এই মুহূর্তে ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর গোল ৯৩৮টি। আর ৬২টি গোল রোনালদো দুই মৌসুমে করে ফেলবেন, এ নিয়ে বাজি ধরার লোকের অভাব হবে না।

আল নাসরে চুক্তি নবায়নের ঘোষণা আনুষ্ঠানিক হতে না হতেই পর্তুগিজ ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট রেকর্ডে রোনালদো নিজের অনুভূতি জানিয়েছেন। রোনালদোকে উদ্ধৃত করে রেকর্ড লিখেছে, ‘আমার যে উচ্চাকাঙ্খা সেটার কোনো সমাপ্তিরেখা নেই। দল হিসেবে আরও ভালো হতে গেলে আমাদের আরও বেশি ধারাবাহিক আর নিবেদিত হতে হবে, এক হয়ে খেলতে হবে। সেটা নিয়েই কাজ করছি আমি। নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে।’