প্রাপ্তবয়স্ক হওয়ার উৎসবেই বিতর্ক, সরকারের তদন্তের মুখে ইয়ামাল

জুন পর্যন্ত লামিন ইয়ামাল মানে ছিল মুগ্ধতা। মাঠে ফুটবল পায়ে একের পর এক অবিশ্বাস্য সব কাণ্ডে কখনো মেসি, কখনো নেইমারের সঙ্গে তাঁর তুলনা হয়েছে। কিন্তু জুনে ফুটবল মৌসুম শেষ হওয়ার পর থেকেই বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার একের পর এক বিতর্কে জড়াচ্ছেন।

ছুটি কাটাতে তাঁর চেয়ে অনেক বেশি বয়সী মডেলকে সঙ্গে নিয়ে গিয়ে প্রথম দফায় বিতর্কের মুখে পড়া ইয়ামাল গতকাল ১৮-তে পা দিয়েছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষণটা উদ্‌যাপন করতে বিশাল পার্টিও দিয়েছেন। তবে সেই পার্টিই এমনই বিতর্কের মুখে পড়েছে যে, স্প্যানিশ সরকারও এখন এ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, ইয়ামালের জন্মদিনের উৎসবে ডোয়ার্ফ বা বামনদের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে। শারীরিকভাবে ক্ষুদ্রাকৃতির মানুষকে বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করার মতো অমানবিক কাজের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে স্বাভাবিকভাবেই ইয়ামালের সমালোচনা হচ্ছে অনেক।

বামনদের অধিকার নিয়ে গড়া সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব পিপল উইদ অ্যাকোন্ড্রোপ্লেইজিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লেসিয়াস উইদ ডোয়ার্ফিজম’ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা করে বিবৃতি দিয়েছে। তারা বিবৃতিতে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে।

তাঁদের সমালোচনার পর স্পেনের মিনিস্ট্রি অব সোশ্যাল রাইটস এ নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় থেকে সরকারি কৌঁশুলীর কার্যালয় এবং ঘৃণা ছড়ানোর মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করা সংগঠন ‘অফিস ফর হেইট ক্রাইমস’-এর প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন ইয়ামালের জন্মদিনের উৎসবে ‘ডিজঅ্যাবিলিটি অ্যাক্টে’র কোনো লঙ্ঘন হয়েছে কি না, তা তদন্ত করে দেখে। ডিজঅ্যাবিলিটি অ্যাক্ট মূলত শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের প্রতি কোনো অবিচার বা অপমান করা হচ্ছে কি না, তা নিয়ে কাজ করে।

এই আইনের লঙ্ঘন করার ক্ষেত্রে বর্তমানে স্প্যানিশ বিচার অনুযায়ী কোনো জেল বা জরিমানার শাস্তি নেই। তবে অপরাধীকে প্রতিশ্রুতি দিতে হয়, এমন কাজ পরের তিন বছরের মধ্যে তিনি করবেন না। এমন অপরাধের ক্ষেত্রে শাস্তির মাত্রা আরও বাড়ানোর ব্যাপারে কাজ করছে স্প্যানিশ সরকার, ৬ থেকে ১০ লাখ ইউরো জরিমানার বিধান রাখার কথা চলছে - এমনটাই জানাচ্ছে মার্কার প্রতিবেদন।