তিয়েখ দ্যু শাতেলের মঞ্চে চূড়ান্ত পুরস্কার ঘোষণার তখনও কিছুক্ষণ বাকি। চূড়ান্ত বলতে যে ছেলেদের বালন দ’রকে বোঝানো হয়েছে, সেটা বোধহয় আলাদা করে বলার দরকার নেই। সে ঘোষণার কিছু সময় আগে মঞ্চে ডাক পড়ে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের। টানা দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জেতেন তিনি। ২১ বছরের কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে দেওয়া হয় এ পুরস্কার।
পুরস্কার নিয়ে ইয়ামাল যখন দর্শক সারিতে ফেরত যাচ্ছিলেন, সঞ্চালনার দায়িত্বে থাকা রুদ খুলিত ইয়ামালের কাছে জানতে চান, আগের বারও তো এ পুরস্কার জিতেছেন, এবার ‘বিগ ওয়ান’ (বালন দ’র) জিততে প্রস্তুত কি না! ইয়ামাল কিছুটা লজ্জা পেয়ে জানি না বলে মঞ্চ থেকে নেমে যান। খুলিত তখন ইয়ামালের উদ্দেশ্যে বলেন, ‘সম্ভবত আবার দেখা হবে।’
ইয়ামালের সঙ্গে খুলিতের পরে দেখা হয়নি! স্প্যানিশ ১৮ বছর বয়সী রাইট উইঙ্গারকে দর্শক সারিতে রেখে ২০২৫ বালন দ’র জিতে নেন উসমান দেম্বেলে। তবে সেই ‘বিগ ওয়ান’ জিততে না পারলেও ইয়ামালকে বালন দ’রের জন্য খুব বেশি অপেক্ষায় থাকতে হবে না, সেটার আগাম ঘোষণা দিয়েছেন স্প্যানিশ এ বিস্ময় বালকের বাবা। আত্মবিশ্বাসী কণ্ঠে রীতিমতো হুমকি দিয়ে ইয়ামালের বাবা জানিয়েছেন, পরের বছরটা তাদের!
বালন দ’র না পেলেও বিজয়ী দেম্বেলেকে শুভেচ্ছা জানিয়েছেন ইয়ামাল। ফরাসি তারকার সঙ্গে হাত মিলিয়েছেন, উষ্ণ আলিঙ্গন করেছেন। পাশাপাশি দুজনে কথা বলার ফাঁকে দেম্বেলেকে অভিনন্দনও জানিয়েছেন ইয়ামাল।
দর্শক সারি থেকে এসব দেখেছেন ইয়ামালের বাবা মুনির নাসরাওয়ি। দেম্বেলের কাছে তাঁর ছেলে এবার হেরে গেলেও পরের বছরের বালন দ’র মঞ্চের চিত্রপট যে ভিন্ন হবে, সেটা নিয়ে এখন থেকেই আত্মবিশ্বাসী নাসরাওয়ি। স্প্যানিশ সংবাদমাধ্যম কোপকে ইয়ামালের বাবা বলেছেন, ‘আগামী বছরটা আমাদের।’
ইয়ামাল অবশ্য বার্সার হয়ে চলতি মৌসুমের শুরুটা ভালোই করেছিলেন। লিগে তিন ম্যাচ খেলে ২ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছেন। এরপরই চোটে পড়েন ইয়ামাল। চোটের কারণে মিস করেন লিগে ভালেন্সিয়া ও হেতাফের বিপক্ষে ম্যাচটি। একই কারণে খেলতে পারেননি চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসলের বিপক্ষেও। চোট কাটিয়ে ইয়ামাল কবে মাঠে ফিরবেন, সেটি এখনো নিশ্চিত নয়।