বার্সা ও মিলানের লিগের ম্যাচ অন্য দেশে

শুধু আইনে নিষেধ নেই বলেই বিশেষ ছাড় পেয়ে গেল দল দুটি

ইউরোপিয়ান শীর্ষ ফুটবলের ঘরোয়া লিগগুলো যে দেশের লিগ সেসব দেশেই আয়োজন হয়ে থাকে। ঘরোয়া লিগের ম্যাচ বাইরের দেশে আয়োজনের খুব একটা রীতি নেই। তবে এবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) নিজেদের ইচ্ছার বাইরে গিয়েও ভিন্ন রকমের এক সিদ্ধান্ত নিয়েছে। 

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার লা লিগার একটি ম্যাচ স্পেনের বাইরে আয়োজনের অনুমোদন দিয়েছে উয়েফা। কাতালান ক্লাবটির আবেদনের প্রেক্ষিতেই উয়েফা বার্সা-ভিয়ারিয়াল ম্যাচটি স্পেনের বাইরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের সবুজ সংকেত দিয়েছে। শুধু বার্সেলোনাই এমন সুবিধা পায়নি, ইতালিয়ান ক্লাব এসি মিলান ও কোমোর ম্যাচও ইতালির বাইরে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনের অনুমতি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 

অনুমোদন দিলেও উয়েফা তাদের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিফার আইনে ঘরোয়া লিগের ম্যাচ অন্য দেশে আয়োজনের ব্যাপারে স্পষ্ট বিধিনিষেধ নেই বলেই এই অনুমতি দিতে বাধ্য হয়েছে তারা। ‘এটি বিশেষ বিবেচনায় দেওয়া হয়েছে, যা উয়েফার পরিকল্পনার বিরোধিতা করে এবং এই ঘটনা কখনো দৃষ্টান্ত স্থাপন হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়। উয়েফার নীতিগত সিদ্ধান্তের বাইরে থেকে এটির অনুমতি দেওয়া হলেও, আইনে এ নিয়ে কোনো নিষেধ নেই’ - বিবৃতিতে লিখেছে উয়েফা। 

লা লিগার বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যে ম্যাচটি যুক্তরাষ্ট্রের মায়ামিতে চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। অপরদিকে, এসি মিলান ও কোমোর মধ্যকার সিরি আ ম্যাচটি আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হবে।

উয়েফা সভাপতি আলেকসান্দর চেফেরিন বিবৃতিতে বলেন, ‘লিগ ম্যাচগুলো ঘরের মাঠেই হওয়া উচিত। অন্যথায় নিয়মিত সমর্থকরা বঞ্চিত হবেন এবং প্রতিযোগিতায় ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। যদিও এই দুটি খেলার অনুমোদন দেওয়া দুঃখজনক, কিন্তু এই সিদ্ধান্তটি ব্যতিক্রমী এবং এটি কখনো একটি দৃষ্টান্ত স্থাপন হিসেবে দেখা ঠিক হবে না।আমাদের প্রতিশ্রুতি স্পষ্ট, জাতীয় লিগগুলোর স্বচ্ছতা রক্ষা করা এবং নিশ্চিত করা যে নিজ ঘরেই যেন ফুটবলের পরিবেশ দৃঢ়ভাবে স্থিত থাকে।’

মূলত লা লিগা এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিকভাবে ম্যাচ আয়োজনের প্রচেষ্টা চালিয়ে আসছে, এনএফএল ও এনবিএ’র মডেল অনুসরণ করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে। বিশেষ করে ২০১৭ সাল থেকেই যুক্তরাষ্ট্রের বাজার ধরার প্রচেষ্টায় আছে লা লিগা কর্তৃপক্ষ। 

এদিকে ইতালিয়ান ক্লাব এসি মিলানের ঘরের স্টেডিয়াম সান সিরো আগামী শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ফেব্রুয়ারিতে বন্ধ থাকবে। ফলে ক্লাবটি বিকল্প ভেন্যু হিসেবে পার্থকে বেছে নিয়েছে।