ক্লাব ফুটবলে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতার কথা কারও অজানা নয়। বিশ্বব্যাপী ফুটবল প্রেমীরা বছর জুড়ে যে কয়টি হাইভোল্টেজ ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন, সে তালিকায় ওপরের দিকেই স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।
এল ক্লাসিকো নামের সে মহারণে শুধু মাঠেই উত্তাপ ছড়ায় না, ম্যাচের আগে-পরে কথার লড়াইও চলে দেদারসে। শুধু সমর্থকেরা নন, সে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুদলের ফুটবলার থেকে শুরু করে ক্লাব সংশ্লিষ্টরাও। এর সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ আজ হতে যাওয়া মৌসুমের প্রথম এল ক্লাসিকো ঘিরে ইয়ামালের মন্তব্য।
রেয়াল মাদ্রিদকে নিয়ে মজার ছলে বার্সার তরুণ উইঙ্গার বলেছেন, ‘মাদ্রিদ ডাকাতি করে, পরে আবার অভিযোগ করে।’ এ মন্তব্য ঘিরে আলোচনা সমালোচনা কম হচ্ছে না। তবে আজকের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইয়ামালের মন্তব্য নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে রাজি হননি রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো।
ইয়ামাল মন্তব্যটি করেছিলেন একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে। জেরার্ড পিকের কিংস লিগের প্রচারণায় অংশ নিয়ে ওই বিতর্কিত মন্তব্যটি করেছিলেন ইয়ামাল।
এল ক্লাসিকোর আগে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অনুমিতভাবে ইয়ামালের মন্তব্যের প্রসঙ্গটি উঠলে জবাবে কৌশলে সেটি এড়িয়ে যান আলোনসো, ‘এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচে (বলা/ভাবার মতো) অনেক উপকরণ আছে… সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মাঠে কী হচ্ছে, আগামীকাল (রোববার) সামনে কী আছে এবং আমরা কীভাবে খেলতে চাই। এটাই আমাকে সবচেয়ে বেশি ভাবায়।’
এদিকে লা লিগার বার্সার সর্বশেষ ম্যাচে লাল কার্ড দেখায় এল ক্লাসিকোতে কাতালান ক্লাবটির ডাগআউটে আজ থাকতে পারবেন না হানসি ফ্লিক। জার্মান কোচের নিষেধাজ্ঞায় গতকাল সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বার্সার সহকারী কোচ মার্কাস সর্গ। তিনি ইয়ামালের মন্তব্যকে খুব বেশি বড় করে দেখতে চান না।
সংবাদ সম্মেলনে সর্গ বলেছেন, ‘লামিনে শীর্ষ মানের খেলোয়াড়, আমার মনে হয় ওটা (মাদ্রিদ নিয়ে মন্তব্য) ওর জন্য বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে। আশা করছি, আগামীকাল (রোববার) ও ওর সেরা পারফরম্যান্স দেখাবে।’
বার্সা-মাদ্রিদ মহারণের সাম্প্রতিক ফলগুলো কাতালান ক্লাবটির পক্ষে কথা বলে। গত মৌসুমে চারবারের মুখোমুখি দেখাতেই শেষ হাসি হেসেছে ফ্লিকের দল। তবে শক্তি বিবেচনায় আজ মাদ্রিদের তুলনায় কিছুটা পিছিয়ে বার্সা।
একদিকে ডাগআউটে ফ্লিক নেই, এছাড়া চোটের কারণে খেলতে পারবেন না লেভানদফস্কি, রাফিনিয়া, গাভি, দানি অলমো, জুলস কুন্দে, মার্ক আন্দ্রে টের স্টেগেনের মতো খেলোয়াড়। এছাড়া লা লিগায় ৯ ম্যাচ শেষে বার্সার (২২) চেয়ে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ (২৪)।
গত মৌসুমের ফল, বর্তমান পারফরম্যান্স- সব বিশ্লেষণ করেই আজ বার্সার বিপক্ষে খেলতে নামছে মাদ্রিদ, সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আলোনসো, ‘আমরা ওদের (বার্সেলোনাকে) বিশ্লেষণ করেছি। কিন্তু এখন ওদের ও আমাদের জন্য সময়টা ভিন্ন। এটা একেবারে নতুন একটা প্রকল্প, আর আমরা সবে শুরু করেছি। বিশ্লেষণ করেছি। নিজেদের শক্তির জায়গায় খেলতে চাই আমরা।’
আলোনসো রেয়াল মাদ্রিদের কোচ হওয়ার পর এখন পর্যন্ত দুটি বড় ম্যাচে হেরেছে মাদ্রিদ। একটি ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে, অন্যটি লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে।
তবে আলোনসো শুধু ম্যাচের ফল দিয়ে সবকিছু বিবেচনা করতে ইচ্ছুক নন, ‘শুধু ম্যাচের ফল দেখে বিচার করতে পছন্দ করি না। ম্যাচের সবকিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ। (চলতি মৌসুমে) এরই মধ্যে (মাদ্রিদের) ১২টি ম্যাচ হয়েছে, আমাদের অগ্রগতি হয়েছে। উন্নতির আরও সুযোগ আছে। কিন্তু নভেম্বরই আসেনি। এখনই কিন্তু শিরোপা দেওয়া হচ্ছে না। মৌসুমের অনেকটা পথ বাকি।’