ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লেখানোর প্রায় তিন বছর হতে চললেও ক্লাবটির হয়ে কোনো মেজর শিরোপা উদযাপন করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক টুর্নামেন্ট থেকে খালি হাতেই বিদায় নিতে হয়েছে নাসরকে।
চলতি মৌসুমের এক তৃতীয়াংশ যেতে না যেতেই এবার আরও একটা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রোনালদোর দল। গতকাল মঙ্গলবার রাতে সৌদি কিংস কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১০ জনের আল ইত্তিহাদের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে আল নাসর।
আল আওয়াল পার্কে গতকাল তিনটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। ১৫ মিনিটে করিম বেনজেমার গোলে ইত্তিহাদ এগিয়ে যাওয়ার পর ৩০ মিনিটে আঞ্জেলো গাব্রিয়েলের গোলে ম্যাচে ফেরে (১-১) নাসর। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে হুসেম আওয়ারের গোলে ২-১ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ইত্তিহাদ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপদে পড়ে ইত্তিহাদ। ৪৯ মিনিটে আহমেদ আল জুলাইদান সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় দলটি।
কিন্তু একজন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগাতে পারেনি আল নাসর। অবশ্য গতকালও ভাগ্যও পক্ষে ছিল না রোনালদোদের। ম্যাচের ৬৭ শতাংশ সময় বলের দখল রাখার পাশাপাশি ২২টি শট নিয়েছিলেন রোনালদো-ফেলিক্স-মানেরা। দ্বিতীয়ার্ধে টানা আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি নাসর। এতে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয় আল নাসররের।