ফুটবলে যত উপায়ে গোল করা যায়, এর মধ্যে চোখের শান্তি বিবেচনা করলে ‘বাইসাইকেল’ কিক ওপরের দিকেই থাকবে। শরীরটা শূন্যে ভাসিয়ে উড়ন্ত অবস্থাতেই শট নিতে হয়। মাথার ওপর দিয়ে বল পৌঁছায় জালে। বাইসাইকেল কিকের গোল দেখতে যতটা সুন্দর ও সহজ মনে হয়, সেটা মাঠে করে দেখানো মোটেও ততটা সহজ নয়।
এর জন্য শূন্যে লাফানো থেকে শুরু করে শট নেওয়া, বলের গতিবিধি বুঝে নিশানা অনুযায়ী সঠিক সময়ে সঠিক দিকে বলে পা ছোঁয়া- সবকিছুই প্রায় নিখুঁত হতে হয়। ঠিকঠাক শট নিতে না পারলে কিংবা ফিটনেস ঠিক না থাকলে থাকে চোট শঙ্কাও। কিন্তু এসব শঙ্কা কি আর আটকে রাখতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে?
এই তো গতকাল রোববার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল খালিজের বিপক্ষে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করলেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার এমন গোল দেখে কে বলবে, আর তিন মাস পর ৪১তম জন্মদিনের কেক কাটবেন তিনি!
৪০ বছর ৯ মাস বয়সী ‘তরুণ’ রোনালদোর চোখধাঁধানো গোলের দিনে আল খালিজকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। এ জয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও পাকাপাকি করেছে জর্জ জেসুসের শিষ্যরা। লিগে ৯ ম্যাচের সবগুলো জেতা আল নাসরের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। আর নাসরের প্রতিপক্ষ খালিজ ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে।
গতকাল রোনালদোর ওই দৃষ্টিনন্দন গোলের আগেই জয় প্রায় নিশ্চিত ছিল আল নাসরের। ৩৯ মিনিটে জোয়াও ফেলিক্স ও ৪২ মিনিটে করা ওয়েসলির গোলে বিরতির আগেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল নাসর। বিরতির পর ৭৭ মিনিটে ব্যবধান আরও বাড়ান (৩-১) সাদিও মানে।
নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে আসে সেই বিখ্যাত মুহূর্ত। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠেছিল আল নাসর। বক্সের ভেতর অনেকটা ফাঁকায় থাকা রোনালদো হাত উঁচিয়ে বল পাঠানোর সিগনাল দেন। সেটি বুঝতে পেরে ডানপ্রান্ত থেকে ক্রস করেন আল নাসর লেফটব্যাক নওয়াফ আল বৌশাইল। কিন্তু বৌশাইলের ক্রসের আগেই বক্সের একটু বেশি ভেতরে ঢুকে গিয়েছিলেন রোনালদো। সেখান থেকে চাইলেও আর হেড করা সম্ভব ছিল না।
যেখানে সম্ভাবনার সূত্র শেষ হয়ে যায়, সেখানেই শুরু হয় রোনালদোর মতো মহাতারকাদের ম্যাজিক। ৪০ বছর বয়সী রোনালদো আরেকবার সেই ম্যাজিকটাই দেখালেন। শূন্যে শরীরটা ভাসিয়ে বুলেট গতির নিখুঁত শট নিলেন। শটের জোর এতটাই ছিল যে, খালিজ গোলকিপার অ্যান্থনি মরিচ হাত লাগিয়েও সেটা থামাতে পারলেন না।
এই গোলের আগে অবশ্য রোনালদো আরেকবার জালে বল জড়িয়েছিলেন। তবে ৮৮ মিনিটে রোনালদোর ওই গোলটি বৈধতা পায়নি অফসাইডের কারণে। পরে তো যোগ করা সময়ে দুর্দান্ত গোলে সে আক্ষেপ মিটিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি।
রোনালদোর গোলের আগ মুহূর্তে অবশ্য ১০ জনে পরিণত হয়েছে খালিজ। নাসর মিডফিল্ডার আলি আল হাসানকে জঘন্য ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন খালিজের মিডফিল্ডার দিমিত্রোস কৌরবেলিস।