মেয়েদের অবিশ্বাস্য অর্জনে অভিনন্দন জানালেন তারেক রহমান

বাংলাদেশের মেয়েদের ফুটসাল দল আজ ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসালে আজ নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা, তাতে শিরোপাও জেতা হয়ে গেছে সাবিনা-কৃষ্ণারা।

মেয়েদের এমন অবিশ্বাস্য অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

এই মুহূর্তে নির্বাচনী প্রচারে দেশের বিভিন্ন প্রান্ত চষে বেড়ানো তারেক রহমান সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আজ এক পোস্টে লিখেছেন, ‘নির্বাচনী প্রচার অভিযানের মধ্যেই বাংলাদেশকে দারুণ অনুপ্রেরণা জোগানোর মতো একটি খবর পেলাম। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের মেয়েদের ফুটসাল দলকে অভিনন্দন জানাই। তাঁদের খেলোয়াড়ি দক্ষতা ও প্রতিভা দেখিয়ে দিল, খুব সামান্য সম্পদ নিয়েও কী কী করা সম্ভব হতে পারে। আরও বেশি যত্নের মাধ্যমে তাঁদের আরও শক্তিশালী করে তোলাই হওয়া উচিত আমাদের লক্ষ্য, যাতে তাঁরা বাংলাদেশের গর্ব ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে পারেন।’