ফিফা বিশ্বকাপ নিয়ে ব্লাটার

শুধু আমেরিকা থেকেই সবাইকে দূরে থাকতে বললেন তিনি

১৯৯৮ সাল থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জেপ ব্লাটার। তাঁর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠলে ২০১৫ সালে সালে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব ছাড়েন সুইজারল্যান্ডের সাবেক এই ফুটবল প্রশাসক।

যিনি এত বছর ফিফার সভাপতির দায়িত্ব সামলেছেন, সেই ব্লাটারই কিনা এবার বিশ্বকাপ ফুটবল বয়কটের পক্ষে অবস্থান নিয়েছেন! নিরাপত্তাজনিত উদ্বেগে ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ম্যাচগুলো থেকে সমর্থকদের দূরে থাকার আহ্বান জানান ব্লাটার।

গতকাল সোমবার এমন মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপ আসন্ন বিশ্বকাপ বয়কট নিয়ে মার্ক পিয়েথ সম্প্রতি যে মন্তব্য করেছেন, সেটার প্রতি সমর্থন জানিয়েছেন ফিফার সাবেক সভাপতি।

হোয়াইট-কলার অপরাধ ও দুর্নীতি দমনে বিশেষজ্ঞ সুইস আইনজীবী মার্ক পিয়েথ এর আগে ব্লাটারের আমলে বিভিন্ন সংস্কার কমিটিতে কাজ করেছেন। গত সপ্তাহে সুইস সংবাদমাধ্যম দের বুন্দকে দেওয়া সাক্ষাৎকারে পিয়েথ বলেন, ‘আমরা যা যা আলোচনা করেছি, সব বিবেচনায় সমর্থকদের জন্য একটাই পরামর্শ— যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকুন! টেলিভিশনেই এর চেয়ে ভালোভাবে খেলা দেখতে পাবেন। আর সেখানে (যুক্তরাষ্ট্র) যদি যান, তাহলে সমর্থকদের মনে রাখতে হবে, কর্তৃপক্ষের পছন্দমতো আচরণ না করলে পরের ফ্লাইটেই সরাসরি দেশে ফেরত পাঠানো হবে। সেটাও ভাগ্য যদি ভালো থাকে…।’

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পিয়েথের এই মন্তব্য উল্লেখ করে ব্লাটার লিখেছেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তুলে সঠিক কাজটাই করেছেন পিয়েথ।’

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলতি বছরের ১১ জুন শুরু হতে যাচ্ছে পরবর্তী ফিফা বিশ্বকাপ। বৈশ্বিক টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, বিশ্বকাপ নিয়ে বিতর্কও তত বাড়ছে। ট্রাম্প প্রশাসনের দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না ইরান ও হাইতির সমর্থকেরা।

আবার নতুন নিষেধাজ্ঞায় একই অবস্থায় পড়েছেন সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থকেরা। এছাড়া বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত দামের বিষয় নিয়ে বিতর্ক তো আছেই।

সম্প্রতি ট্রাম্প ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন গ্রিনল্যান্ড দখলের আগ্রহ প্রকাশ করেছেন। এরপর ইউরোপীয় অঞ্চলের নেতৃবৃন্দের ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। এরই মধ্যে জার্মানি ও নেদারল্যান্ডস থেকে বিশ্বকাপ বয়কটের ডাক এসেছে। এমন সব বর্জনের হুমকির মধ্যেই এবার বিশ্বকাপ থেকে দূরে থাকার আহ্বান জানালেন ফিফার সাবেক সভাপতি।

এদিকে ব্লাটারের মন্তব্য নিয়ে ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘মানুষ (বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে) যেতে চায়। তারা যাবে এবং একসঙ্গে উদযাপনও করবে। আমরা সব সময়ই ফুটবল একসঙ্গে উদযাপন করি।’