চাকরি হারালেন টটেনহ্যাম কোচ 

ডুবতে থাকা দলকে বাঁচাতে এসেছিলেন, উল্টো নিজেই ডুবলেন 

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সাবেক কোচ থমাস ফ্রাঙ্ককে টটেনহ্যাম যখন বরখাস্ত করে, তখন দলটি প্রিমিয়ার লিগে ছিল ১৬তম স্থানে। সে সময় ইগর টুডরকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় উত্তর লন্ডনের ক্লাবটি। লক্ষ্য ছিল দলের পারফরম্যান্সের উন্নতি এবং রেলেগেশনের( লিগ থেকে অবনমন) ঝুঁকি এড়ানো।

কিন্তু দায়িত্ব পাওয়ার মাত্র ৪৪ দিনেই কপাল পুড়ল ক্রোয়েশিয়ান এই কোচের। এসেছিলেন ডুবতে থাকা এক দলকে বাঁচাতে উল্টো নিজেই ডুবলেন। পারস্পারিক সমঝোতায় টটেনহ্যামের দায়িত্ব ছেড়েছেন টুডর। 

ইয়ুভেন্তাস থেকে টটেনহামে আসা এই কোচকে প্রধান কোচ করার কথাও ছিল ক্লাবটির, তবে সেটি পারফরম্যান্সের ভিত্তিতে। 

কিন্তু টুডরের অধীনে মাত্র ৭ ম্যাচের একটিতেই জয়ের দেখা পেয়েছে টটেনহ্যাম। থমাস ফ্রাঙ্ক যখন দায়িত্ব ছাড়েন তখন রেলিগেশন জোন থেকে মাত্র ৫ পয়েন্ট দূরে ছিল ক্লাবটি। এবার ৩১ ম্যাচ শেষে টুডর যখন বিদায় নিলেন তখন ক্লাবটি ১৭তম স্থানে রেলেগেশন থেকে ব্যবধান মাত্র ১ পয়েন্ট। 

১৯৭৭ সালের পর প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে নামার ঝুঁকিতে রয়েছে টটেনহ্যাম। ৪৭ বছর বয়সী এই কোচ ক্লাবের সঙ্গে সমঝোতায় দায়িত্ব ছাড়লেও ব্যক্তিগত জীবনের কঠিন এক সময় পার করছেন। 

চলতি মাসের শুরুতেই নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে হারে টটেনহ্যাম। যেটি ছিল কোচ হিসেবে তার শেষ ম্যাচ। তবে এই হারের পর নিজের বাবার মৃত্যুর সংবাদও পান টুডর। 

টুডরের সঙ্গে সম্মতিতে টটেনহ্যামের পথচলা থেমে যাওয়ার বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘আমরা নিশ্চিত করছি যে ক্লাবের সঙ্গে পারস্পারিক সম্মতিতে এই মুহূর্তে দায়িত্ব ছাড়ছেন হেড কোচ ইগর টুডর। আমরা তার সাম্প্রতিক শোক(বাবার মৃত্যু) ও প্রিয়জন হারানোর বিষয়টিও স্বীকার করছি, এই কঠিন সময়ে তাঁর এবং তার পরিবারের পাশে থাকব।’

টুডরের বদলি হিসেবে ইতালিয়ান কোচ রবার্ত দি জার্ভির সঙ্গে আলোচনা করছে টটেনহ্যাম। বিবিসি তাদের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ব্রাইটনের সাবেক এই কোচ এখনই দায়িত্ব নিতে রাজি। 

একাধিক সূত্র জানিয়েছে, জার্ভি হেড কোচের পদের জন্য আগ্রহী। তার ইচ্ছে মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। তবে এখন টটেনহ্যাম দ্রুততম সময়ের মধ্যে একটি তাৎক্ষণিক চুক্তিতে পৌঁছাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।