ইন্টার মিয়ামির নতুন স্টেডিয়াম

‘লিও মেসি স্ট্যান্ড’–এর অভিষেক দিনেই মেসির গোল

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগদানের পর থেকেই আলোচনায় ছিল ক্লাবটির নতুন এক স্টেডিয়াম। লম্বা সময় পর গতকাল ইন্টার মায়ামির ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির অভিষেক হলো। যেখানে সবার নজর ছিল ‘লিও মেসি স্ট্যান্ড’-এ। মায়ামির ফ্রিডম পার্কের নু স্টেডিয়ামে গতকাল অস্টিন এফসির বিপক্ষে মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন মেসি।

নতুন স্টেডিয়ামের অভিষেক তাও আবার নিজের নামে স্ট্যান্ড রয়েছে, সেই ম্যাচে মেসির গোল পাওয়া যেন মাঠে খেলা দেখতে আসা সমর্থকদের স্মরণীয় এক মুহূর্ত। 

নু স্টেডিয়ামে অবশ্য প্রথম গোলটি করতে পারেননি মেসি। সেই কৃতিত্ব নিয়েছেন প্রতিপক্ষ অস্টিনের ডিফেন্ডার গিলহের্মে বিরো। তবে শুরুতে ইন্টার মায়ামি পিছিয়ে পড়লেও বিরোর গোলের চার মিনিট পরই মেসি হেড থেকে গোল করে দলকে সমতায় ফেরান।

প্রথমার্ধ ১-১ ব্যবধানে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। তবে শেষ পর্যন্ত আরেক হতাশ হতে হয়নি মায়ামি সমর্থকদের। ম্যাচের ৮২তম মিনিটে ৩৯ বছর বয়সী লুইস সুয়ারেজ মায়ামিকে হারের সম্ভাবনা থেকে বাঁচান। কর্নার থেকে আসা বলে ডি বক্সের ভেতরে পেয়ে দারুণ এক ভলি করে গোল করেন এই উরুগুইয়ান।

এ ড্রয়ে ইন্টার মিয়ামি এখন তাদের শেষ পাঁচটি মেজর সকার লিগ ম্যাচে অপরাজিত।  ম্যাচ শেষে নতুন স্টেডিয়ামেড় প্রশংসা করে কোচ মাচেরানো বলেন, ‘এটি একটি অসাধারণ স্টেডিয়াম, নিঃসন্দেহে বিশ্বমানের। দর্শকরা অবিশ্বাস্য ছিল, পুরো স্টেডিয়াম ভর্তি ছিল।’