বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে অন্তত একবার হলেও ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলে থাকে আর্জেন্টিনা। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপের আগে যা আগে কখনো হয়নি, তা-ই হওয়ার সম্ভাবনা ছিল। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে আজ পর্যন্ত একটি ইউরোপিয়ান দলের বিপক্ষেও খেলেননি লিওনেল মেসিরা। ফিনালিসিমা বাতিল হওয়ায় এমন বিরল ঘটনাই দেখতে যাচ্ছিল আলবিসেলেস্তেরা।
তবে অবশেষে সেই শঙ্কার সমাপ্তি টেনেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন(এফএ)। বিশ্বকাপের আগে একটি ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে এফএ। আগামী ৬ জুন হন্ডুরাস ও ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এই দুটি ম্যাচই বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি।
হন্ডুরাসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যাজিস কাইল ফিল্ডে খেলবে আর্জেন্টিনা। যার ধারণক্ষমতা ১ লাখ ২ হাজারেরও বেশি। ৯ জুন যুক্তরাষ্ট্রের অবার্নের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল।
বিশ্বকাপের পর চার বছরের সময়কালে আর্জেন্টিনা এবারই সবচেয়ে কম ম্যাচ খেলছে ইউরোপিয়ান দলের বিপক্ষে। ২০২২ বিশ্বকাপে যাওয়ার আগে আর্জেন্টিনা জার্মানি, ইতালি ও এস্তোনিয়ার মতো ইউরোপীয় দলের বিপক্ষে খেলেছিল। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেরা সর্বোচ্চ ২২টি ম্যাচ খেলেছিল ইউরোপীয় দলের বিপক্ষে।
আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আগামী ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে। জে গ্রুপে আর্জেন্টিনা তাদের বাকি দুটি ম্যাচ খেলবে আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৭ জুন প্রতিপক্ষ জর্ডান।