পেনাল্টি ‘না’ দেওয়ায় ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক স্থগিত রেয়াল মাদ্রিদের

গতকাল জিরোনার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে লা লিগার শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়েছে রেয়াল মাদ্রিদ। তবে ম্যাচের পরদিন বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। স্পেনের ফুটবল ফেডারেশনের সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিত করে তাদের বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে রেয়াল মাদ্রিদ। 

আচমকা কেন এই সিদ্ধান্ত নিল লস ব্লাঙ্কোসরা? 

গতকাল জিরোনার বিপক্ষে একাধিক সিদ্ধান্ত রেয়াল মাদ্রিদের বিপক্ষে গিয়েছে। ডি বক্সের ভেতর কিলিয়ান এমবাপ্পেকে একাধিক বার ফাউল করা হয়েছে বলে দাবি করেছিল মাদ্রিদ। তবে রেফারি ভিএআরের সাহায্য নিয়েও পেনাল্টি দেননি। 

এমন পরিস্থিতিতে রেফারিংয়ে ক্ষুব্ধ হয়ে রেয়াল মাদ্রিদ আজ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক স্থগিত করেছে। সেই সঙ্গে ক্লাবটি অভিযোগ করেছে যে স্পেনের রেফারিং ব্যবস্থা অন্যায্য ও সাজানো।

স্প্যানিশ পত্রিকা এএস-এর তথ্য অনুযায়ী, রেয়াল মাদ্রিদের জেনারেল ম্যানেজার হোসে অ্যানহেল সানচেজ নতুন রেফারিং কাঠামো নিয়ে ফুটবল ফেডারেশনের বৈঠকে অংশ নিলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ান। 

সেই সঙ্গে তিনি রয়্যাল ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজানকে ফোন করে জানান, রেয়াল মাদ্রিদ এই চুক্তিতে( নতুন রেফারি ব্যবস্থা) সই করবে না। এমন মন্তব্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও মাদ্রিদের মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। 

এএস তাদের প্রতিবেদনে রেয়াল মাদ্রিদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এমন অসন্তোষের কারণ ছিল জিরোনার বিপক্ষে গতকালকের ম্যাচ। যেখানে রেফারি আলবার্তোলা রোহাসের সিদ্ধান্তগুলো পক্ষপাতদুষ্ট ছিল। বিশেষ করে এমবাপ্পেকে ঘিরে দুইটি একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও টিভি রিপ্লে দেখে মনে হয়েছিল ফাউলের সিদ্ধান্ত দেওয়া যেত।

ক্লাবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, আমরা ন্যায়বিচার চাই। যা হচ্ছে তা অগ্রহণযোগ্য।’ 

রেয়াল মাদ্রিদের দাবি, রেফারিদের মাধ্যমে লিগ প্রভাবিত করা হচ্ছে এবং যতদিন না পুরো রেফারিং ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলা হচ্ছে, ততদিন তারা ফেডারেশন থেকে দূরে থাকবে।

গতকালকের ড্রয়ের পর বার্সেলোনার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা মাদ্রিদের পয়েন্টের ব্যবধান এখন ৬। এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।