ফুটবল ক্লাব কিনলেন মেসিও

বিশ্বকাপ শুরুর আগে বড় খবরের শিরোনাম লিওনেল মেসি। নিজের ক্যারিয়ারের সায়াহ্নে এসে ক্লাবের মালিক হলেন আর্জেন্টাইন সুপারস্টার। গতকাল স্প্যানিশ একটি ক্লাব কিনেছেন লিওনেল মেসি। ইউই কর্নেইয়া নামের সেই ক্লাবটি বর্তমানে স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরে খেলছে। গতকাল আনুষ্ঠানিক এক বিবৃতিতে ক্লাবটি মেসির মালিকানার খবরটি নিশ্চিত করেছে।

মেসির মালিকানাধীন ক্লাবটি বার্সেলোনা শহরেরই একটি ক্লাব। ১৯৫১ সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে।

কর্নেইয়া মেসির মালিকানা নিশ্চিত করে তাদের বিবৃতিতে ঘোষণা করেছে, ‘আটবারের ব্যালন দিও'র জয়ী লিও মেসি আনুষ্ঠানিকভাবে ক্লাবটি অধিগ্রহণ করেছেন।’ ক্লাবটি বর্তমানে স্পেনের ফুটবলের পঞ্চম স্তরে খেলছে।

তারা আরও জানায়, ‘এই পদক্ষেপটি বার্সেলোনার সঙ্গে মেসির ঘনিষ্ঠ সম্পর্ককে আরও জোরদার করে এবং কাতালোনিয়ায় ক্রীড়া ও স্থানীয় প্রতিভা উন্নয়নে তার অঙ্গীকারকে তুলে ধরে।’

মেসির আগে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোও তাঁর ক্যারিয়ারের সায়াহ্নে এসে ক্লাবের মালিকানা কিনেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে রোনালোদোও স্পেনের একটি ক্লাব কিনেছেন। মেসির মতো অবশ্য পুরো ক্লাব কিনেননি রোনালদো। ইউদি আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন এই পর্তুগিজ তারকা। 

কর্নেইয়া স্টেডিয়ামের ধারণক্ষমতা ১,৫০০। স্প্যানিশ গোলকিপার ডাভিদ রায়া এবং সাবেক বার্সেলোনা ও ইন্টার মিয়ামি ডিফেন্ডার জর্দি আলবা এই ক্লাবের একাডেমি থেকেই উঠে এসেছেন।

পঞ্চম স্তরে খেলা কর্নেইয়া বর্তমানে গ্রুপ ফাইভের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে। ৩০ ম্যাচ শেষে ১৬ জয় ও ৭ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৫। দ্বিতীয় স্থানে থাকা বাদালোনার পয়েন্ট ৫৭। এই গ্রুপের শীর্ষ দল চতুর্থ স্তর এবং কোপা দেল রেতে খেলার সুযোগ পাবে। আর দ্বিতীয় থেকে পঞ্চমস্থানে থাকা দলগুলো প্রমোশন প্লে–অফসে খেলবে।