গালের হাড় ভেঙে মৌসুম শেষ মদ্রিচের, বিশ্বকাপ খেলতে পারবেন তো?

২০২৬ বিশ্বকাপের আগে যেন একের পর এক তারকা খেলোয়াড়ের চোটের মিছিল শুরু হয়েছে। যে মিছিলে একে একে যোগ হয়েছে লামিন ইয়ামাল, রদ্রিগো, এস্তেভাও, এদের মিলিতাও, মোহামেদ সালাহসহ আরও বেশ কয়েকজন।

এবার সে তালিকায় যোগ হয়েছে আরেকটি নাম- লুকা মদ্রিচ। গালের হাড় ভেঙে মৌসুম শেষ হয়েছে ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের। এতে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা জেগেছে এসি মিলান তারকার।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়দের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে মদ্রিচের নামটাও থাকার কথা। কিন্তু গত রোববার সেরি আ-তে ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন মদ্রিচ।

ম্যাচের শেষ দিকে ইউভেন্তুস মিডফিল্ডার মানুয়েল লোকাতেল্লির সঙ্গে হেডের লড়াইয়ে আঘাত পান ক্রোয়াট মিডফিল্ডার। ওই আঘাতে মাঠ ছাড়তেই বাধ্য হন তিনি।

গতকাল সোমবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় মদ্রিচের বাম গালের হাড়ে চিড় ধরা পড়েছে। কয়েকঘণ্টার মধ্যেই সেখানে অস্ত্রোপচারও করা হয়েছে। এসি মিলানের পক্ষ থেকে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এটি ছিল ‘বাম জাইগোম্যাটিক (গালের) হাড়ের জটিল, একাধিক অংশে ভাঙন’। অপারেশন ‘সম্পূর্ণ সফল’ হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

এই চোটে মদ্রিচ ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন, সেটি জানায়নি ক্লাব। তবে এসি মিলান উল্লেখ করেছে, ‘ফিফা বিশ্বকাপের আগে লুকার দ্রুত সুস্থতা কামনা করছে ক্লাব।’

ক্লাবের হয়ে মৌসুম শেষ হয়ে গেলেও ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিত আশাবাদী, বিশ্বকাপের আগই ফিট হয়ে উঠবেন মদ্রিচ। সামাজিক যোগাযোগমাধ্যমে দালিচ বলেছেন, ‘লুকার (মদ্রিচের) সঙ্গে কথা বলেছি। ওর অস্ত্রোপচার সফল হয়েছে।  ওর দ্রুত সুস্থতা কামনা করেছি। আমি নিশ্চিত, বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে সে সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমরা ওকে পূর্ণ সমর্থন দেব। আশা করছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোবে এবং অধিনায়ক হিসেবে লুকা আমাদের আরেকটি বড় আসরে নেতৃত্ব দেবে।’

উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে ‘এল’ গ্রুপে আছে ক্রোয়েশিয়া। সেখানে ক্রোয়াটদের গ্রুপ সঙ্গী ইংল্যান্ড, পানামা ও ঘানা। আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে ক্রোয়েশিয়ার।